বন্যার্তদের ত্রাণ নিয়ে কুড়িগ্রামের পথে গণজাগরণ মঞ্চ
ত্রাণ নিয়ে প্রবল বন্যাকবলিত কুড়িগামসহ তিন জেলায় রওনা হয়েছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সকালে শাহবাগ থেকে ত্রাণ সামগ্রীসহ নিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন মঞ্চের নেতা-কর্মীরা।
দুই হাজার ৫০০ পরিবারকে সহায়তা করার মতো ত্রাণ সামগ্রী নিয়ে সঙ্গে নিয়েছে গণজাগরণ মঞ্চ। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, আটা, চিঁড়া, মুড়ি, গুঁড়, লবণ, মোমবাতি, বিস্কুট, ম্যাচ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধ।
ইমরান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুড়িগ্রামের পথে আছি। এখনও পৌঁছাতে পারিনি।”
তিন দিনের এই জরুরি ত্রাণ কার্যক্রমে কুড়িগ্রাম, শেরপুর ও জামালপুর জেলার যমুনা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে বন্যার্ত মানুষদের মাঝে জরুরি খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান ডা. ইমরান।
“বন্যার পানিতে আটকা পড়া লাখো মানুষকে তো আর আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব নয়। তবে সাধ্যমতো সহায়তা করব।”
উত্তরাঞ্চলের বাসিন্দা ইমরান বন্যাত্রদের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
