বন উজাড় ঠেকিয়ে কার্বন নিঃসরণ কমানো নিয়ে কর্মশালা
বন উজাড় ও বনের অবক্ষয় রোধের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস (ইউএন-আরইডিডি) কর্মসূচির যাত্রা শুরু উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বন ও পরিবেশ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় বুধবার রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মশালার মাধ্যমে সরকারের ‘বন উজাড় ও বনের অবক্ষয় রোধের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস’ বাস্তবায়নের যাত্রাপথে আর এক ধাপ অগ্রগতির একটি ‘মাইলফলক’ খচিত হয়।
এই কর্মসূচি বর্তমানে জাতিসংঘের তিনটি সংস্থার সমন্বয়ে বিশ্বের ৬৪টি উন্নয়নশীল দেশে বাস্তবায়িত হচ্ছে। ২০১০ সালে বাংলাদেশ সরকার ইউএন-আরইডিডি বৈশ্বিক কার্যক্রমে সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেয়।
বাংলাদেশ বন বিভাগের আয়োজনে এই কর্মশালায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন আজ বাংলাদেশের উন্নয়নের পথে সুস্পষ্ট একটি চ্যালেঞ্জ।
“যা সরকারকে অবিলম্বে জলবায়ু পরিবর্তন দুর্যোগ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, দেশের জানমাল, সম্পদ ও অবকাঠামো সুরক্ষায় কার্যকরী জাতীয় বিনিয়োগ কৌশল প্রণয়নসহ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সকল নেতিবাচক প্রভাব মোকাবেলায় উদ্ভাবনী অর্থায়নে উদ্বুদ্ধ করছে।"
বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর মিস পলিন থেমেসিস, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি (ভারপ্রাপ্ত) ডেভিড ডুলান ও বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রকল্প পরিচালক মো. রকিবুল হাসান মুকুল উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এনজিও, সুশীল সমাজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
