রাজধানীতে শিশুকে গলা কেটে হত্যা
ঢাকার দারুস সালামে চার বছর বয়সী এক শিশুর গলা কাটা লাশ পাওয়া গেছে প্রতিবেশীর বাড়ির খাটের নিচে।
বুধবার রাত আড়াইটার দিকে দিয়াবাড়ী এলাকার ওই বাড়ি থেকে পুলিশ খাদিজা আক্তার জান্নাত নামে ওই শিশুর লাশ উদ্ধার করে, আটক করা হয় দুইজনকে।
শিশুটির বাবা মাসুম এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে দারুস সালাম থানার এসআই শহীদ সোহরাওয়ার্দী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার বিকাল থেকে জান্নাতকে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং থানায় খবর দেয়।
পরে রাত আড়াইটার দিকে জান্নাতদের প্রতিবেশী রানু বেগমের বাড়িতে তার কিশোর বয়সী ছেলে রাকিবের ঘরের খাটের নিচ থেকে জান্নাতের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে এসআই শহীদ জানান।
তিনি বলেন, “গলা কেটে হত্যার পর শিশুটির লাশ গুম করার উদ্দেশ্যে কার্টনে ভরে রাখা ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাকিব ও তার মা রানুকে গ্রেপ্তার করেছে।”
জান্নাতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- পুলিশ তা তদন্ত করে দেখছে বলে এসআই শহীদ জানান।
