২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে অভিযানে দুই স্কুল উচ্ছেদ

রাজধানীর ধানমণ্ডিতে অভিযান চালিয়ে দুইটি স্কুল বন্ধ করে দিয়েছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে অপর একটি স্কুলকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বুধবার বিকাল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে স্কুল উচ্ছেদের বাইরে তিনটি দোকান, একটি ফ্যাশন হাউজ এবং একটি গাড়ির বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ধানমণ্ডির ৬/এ নম্বর সড়কের ৫৪ নম্বরের তিনতলা একটি বাড়িতে সানিডেইল স্কুলের নতুন শাখা খোলার কাজ চলছিল।

বেলা ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ওই প্লটেরই আরেকটি ভবনে চলা ‘আর্থ হাউজ’ নামে স্কুলের কার্যক্রম বন্ধের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

৫৪ নম্বর বাড়ির মালিক সাব্বির সানিডেইল স্কুল কর্তৃপক্ষকে তার ভবনটি ভাড়া দিলেও অপর ভবনে নিজেই আর্থ হাউজ নামে স্কুল পরিচালনা করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সানিডেইল স্কুলের মালপত্র সরিয়ে নেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়েছি। আমাদের স্কুলটাও অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

এর পরপরই ৭/এ নম্বর সড়কের ৫৯/৩ নম্বর বাড়ি এবং ৬/এ নম্বর সড়কের ৪৬ নম্বর বাড়িতে থাকা তিনটি অনুমোদনহীন দোকান গুঁড়িয়ে দেয় রাজউক।

এছাড়া একই সড়কের ৭৪ নম্বর বাড়িতে সাউথ ব্রিজ স্কুলের নতুন শাখা খোলার কাজও বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ।

অবশ্য ৮০ নম্বর বাড়িতে ‘পোশাক ফ্যাশনে’ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক রিলায়েন্স ট্যানারির মালিক মো. শাহজাহান মিয়া। বাড়ির সামনের অংশে তিনি  অবৈধভাবে একটি পোশাকের শোরুম খুলেছিলেন।

ভ্রাম্যমাণ আদালত শোরুমের সিঁড়ি, দরজা এবং সাইনবোর্ড বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এ সময় বাড়ির মালিকের মেয়ে বুলডোজারের সামনে দাঁড়ালে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে অভিযান। পরে পুলিশ সদস্যরা তাকে সরিয়ে দেয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গিয়েও বাধার মুখে পড়েন কর্মীরা। এক পর্যায়ে দুই বিদ্যুৎকর্মীকে বেশ কিছুক্ষণ বাড়ির ভেতরে আটকে রাখা হয়।

এ ঘটনায় ওই বাড়ির এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে ৭/এ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির সামনের খালি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা একটি গাড়ির শোরুমও উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।