২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রজন্মকে সামনে তাকাতে হবে: নাহিদ

গতানুগতিক ধারণার বাইরে এসে সঠিক তথ্যের ভিত্তিতে তরুণদের ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 06:09 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার আন্তর্জাতিক ও জাতীয় ১২টি সংস্থার সমন্বেয়ে গঠিত ‘ইয়ং চেইঞ্জ মেকার্স কোয়ালিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সামনের দিকে তাকাতে হবে। অতীতে কি ছিল, এখন কি আছে এবং ভবিষ্যতে কি করা উচিত তা জানতে হলে সঠিকটা জানতে হবে।

“গতানুগতিক অনুমানভিত্তিক ধারণা করে ফেললে হবে না, আরও বাস্তবধর্মী হতে হবে। আরও প্রযুক্তির ব্যবহারের সুযোগগুলো নিতে হবে, অনেক কিছুই ওয়েবসাইটে দেওয়া আছে।”

‘ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণ সমাজের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে ‘ইয়ং চেইঞ্জ মেকার্স কোয়ালিশন’ গঠিত হয়েছে; যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ উদ্যোগের গণমাধ্যম সহযোগী।

কোয়ালিশনের সদস্যরা হচ্ছে- প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়ুথ ফর চেইঞ্জ, সেভ দ্য চিলড্রেন, সেরাক বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, ইয়ুথ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল, সাইট সেভারস, ভিএসও, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স, দ্য হাঙ্গার প্রজেক্ট, এসএনভি নেদারল্যান্ডস।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কোয়ালিশনের শতাধিক তরুণ-তরুণী পাঁচটি গ্রুপে ভাগ হয়ে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিশু বিবাহ প্রতিরোধ, যৌন প্রজনন ও স্বাস্থ্য অধিকার, জাতীয় যুব নীতিতে যুবকদের অংশগ্রহণ এবং সামাজিক মাধ্যমে তরুণদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

তরুণদের চিহ্নিত অনেক সমস্যার সঙ্গে দ্বিমত পোষণ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রে গতানুগতিক ধারণার উপর ভিত্তি করে অনেক কিছু তুলে ধরে প্রস্তাব করেছেন।

“আপনারা বাল্য বিবাহ, প্রজনন স্বাস্থ্য, বয়সন্ধীকালের সমস্যা তুলে ধরেছেন। যার অনেক সমস্যা আর আগের মত তেমন নেই।”

“প্রতিবন্ধীদের করুণা করি বলছেন, করুণা তো করিই। সরকার তাদের জন্য অনেক কাজ করে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে। চাকরি দেওয়ার সময় তারতম্য করার কোনো সুযোগ নেই,” বলেন শিক্ষামন্ত্রী।

বিভিন্ন নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণের সুপারিশের পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন, দলমত নির্বিশেষে সবার মতামত নিয়ে শিক্ষানীতি করা হয়েছে। যুব নীতি ও স্বাস্থ্য নীতিগুলোও ভালভাবে দেখে আপনাদের কথা বলতে হবে।

“বাল্য বিয়ের বিষয়ে পরিবর্তন হয়েছে। নারীরা এখন মোটেই অবহেলিত না। দেশে যদি কোনো বিপ্লব সাধন হয়ে থাকে সেটা হয়েছে নারীদের উন্নয়নে।”

তরুণদের এই ধরনের আয়োজনকে উপকারী ও প্রয়োজনীয় মন্তব্য করে নাহিদ বলেন, যেসব সহযোগিতা দরকার তা করতে আমরা প্রস্তুত থাকব। যুব সমাজের সৃজনশীল বিকাশের জন্য কিছু সুপারিশ করেছেন, আমরা এগুলো লিখে নিয়েছি, আপনাদের প্রস্তাব হিসেবে গ্রহণ করব।

“নতুন প্রজন্মের তরুণদের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টায় আমি আশান্বিত। আপনারা তরুণদের নিয়ে ভালোর দিকে পরিবর্তন আনতে চান। তরুণরা যে প্রস্তাবনা দিয়েছেন তা নতুন প্রজন্মের কাছে উদ্দীপনাময় বিষয় হবে। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা অন্যদেরও পথপদর্শক হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে জানানো হয়, এই কোয়ালিশনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছে ইয়ুথ ফর চেইঞ্জ নামে তরুণদের দিয়ে পরিচালিক একটি প্রকল্প।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যা সব ভিন্ন ক্ষমতার অধিকারী, সক্ষম, তৃতীয় লিঙ্গ এবং সব ধরনের তরুণ-তরুণীকে নিজের মতামত প্রকাশের সমান সুযোগ সৃষ্টি করবে।

সেরাক বাংলাদেশের নির্বিাহী পরিচালক এস এম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার বক্তব্য দেন।