২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ার জেরে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

এক দশক আগে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মীকে হত্যার দায়ে তার স্ত্রীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।    

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবদুর রহমান সরদার বুধবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়াসমিন ফেরদৌস শিল্পী এবং তার কথিত প্রেমিক মো. সাইফুল ইসলাম হাই কোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।

শিল্পীর স্বামী আব্দুর রাজ্জাক সরকার ২০০৬ সালে হত্যাকাণ্ডের সময় আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার ছিলেন। ওই বছর ১৩ ফেব্রুয়ারি তাদের আগারগাঁও নিউ কলোনির বাসায় শিল্পী ও সাইফুল তাকে হত্যা করেন বলে এ মামলার অভিযোগ।

দুই আসামিকে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে  জরিমানাও করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন জানান।

হত্যাকাণ্ডের পর রাজ্জাকের ভাই সাইদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করলে পরে তা এজহার হিসাবে গণ্য করা হয়।

এজাহারে বলা হয়, শিল্পী ও সাইফুল সেই রাতে চায়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে রাজ্জাককে অচেতন করে এবং পরে শ্বাসরোধে এবং শরীরে আঘাত করে তাকে হত্যা করে।

রাজ্জাককে হত্যা করার কথা স্বীকার করে দুই আসামি পরে হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। কিন্তু পরে তারা হাই কোর্ট থেকে জামিন পেয়ে পালিয়ে যান।

রাজ্জাক ও শিল্পীর চতুর্থ ও পঞ্চম শ্রেণি পড়ুয়া দুই মেয়েও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হাকিমের কাছে জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ২০০৬ সালের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মোহাম্মদপুর থানার এস আই শেখ মতিয়ার রহমান।

পরের বছর ৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করে আদালত। শুনানিতে বিচারক রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য শোনেন।

রায়ের বিবরণে বলা হয়, ঘটনার রাতে সাইফুলকে আগারগাঁওয়ের বাসার খাটের তলায় লুকিয়ে রাখেন শিল্পী। দুই নাবলিকা কন্যার সামনে তাদের মা এবং তার প্রেমিক মিলে নিরপরাধ রাজ্জাককে হত্যা করেন। শিল্পী মুখে বালিশ চেপে ধরে অচেতন রাজ্জাকের শ্বাসরোধ করেন এবং গোপনাঙ্গ থেঁতলে দেন। আর সাইফুল তার বুকের ওপর চেপে বসেন। 

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “রোমহর্ষক এ ঘটনায় আসামিদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই।”