বাড়ি নিলাম: তিন মাস পেলেন সালমান এফ রহমান
খেলাপি ঋণ উদ্ধারে ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি নিলামের উদ্যোগ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ সোমবার এই স্থগিতাদেশ দিয়েছে বলে সালমান এফ রহমানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সোনালী ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফনীন্দ্র ত্রিবেদীও আদালতের ওই নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার অফিস শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নিলাম প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত রাখতে আদালতের নির্দেশনা হাতে পেয়েছি।”
এজন্য বুধবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে না বলে জানান তিনি।
জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান এবং তার বড় ভাই সোহেল এফ রহমানের মালিকানাধীন ধানমন্ডির ওই বাড়ি বন্ধকী সম্পত্তি হিসাবে নিলাম করে টাকা আদায়ের উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
বুধবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মতিঝিলে ব্যাংকের লোকাল অফিসে রাখা বাক্সে ক্রয়ের দরপত্র জমা নেওয়ার কথা ছিল।
সালমানের আইনজীবী মঞ্জুরুল হক বলেন, সালমান এফ রহমান এবং তার বড় ভাই সোহেল এফ রহমান সোনালী ব্যাংকের নিলাম নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছিলেন।
হাই কোর্ট সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিলাম নোটিশের কার্যকারিতা স্থগিত করেছে।
গত ১২ জুলাই দৈনিক ইত্তেফাকে বিজ্ঞপ্তি দিয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩০ মে পর্যন্ত জিএমজির কাছে ব্যাংকের মোট পাওনা ২২৮ কোটি ১৯ লাখ টাকা।
ওই টাকা ফেরত না দেওয়ায় ৩ অগাস্ট ব্যাংকের মতিঝিল অফিসে ওই বাড়ির নিলাম হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ধানমন্ডির ২ নম্বর সড়কের ১৭ নম্বর প্লটে (নতুন) ১ বিঘা (৩৩ শতাংশ) জমি ও তার উপরের ভবনসহ সব স্থাপনা এই নিলামে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
২০০৬ সালে জিএমজির নামে যখন সোনালী ব্যাংক থেকে ওই ঋণ নেওয়া হয়, তখন এই ঋণের পরিমাণ ছিল ১৬৫ কোটি টাকা। কিন্তু এখন সুদ ও ঋণের স্থিতি বেড়ে তা ২২৮ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
