ঢাকাবাসীর সমস্যা জানতে মোবাইল অ্যাপ
নাগরিক জীবনের নানা দুর্ভোগ এবং নগরের সেবা পেতে হয়রানির পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নাগরিকদের কাছ থেকে জানতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বাংলাদেশ ইউনিভার্সিটি-বিইউয়ের আরবান ল্যাবের তৈরি করা এ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিকটবর্তী হাসপাতাল, থানা, বাস স্টেশন, ফায়ার সার্ভিস ও এটিএম বুথসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঠিকানাও পাবেন।
‘নগর’ নামে এই মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার থাকছে নিরাপত্তার ক্ষেত্রেও: কেউ বিপদে পড়লে অ্যাপের ‘এসওএস’ আইকন চাপলে স্যাটেলাইটের সহায়তায় তিন সেকেন্ডের মধ্যেই পুলিশ ও স্বজনদের কাছে বিপদ সঙ্কেত বেজে উঠবে। বিপদগ্রস্তের ছবি, অবস্থান ও কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে ভেসে আসবে এবং দুই মিনিট পরপর বিপদসঙ্কেত বাজতে থাকবে।
অ্যাপের একপ্রান্তে সেবাগ্রহীতা জনসাধারণের বিপরীতে অপরপ্রান্তে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশ থাকবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে এলাকার রাস্তা, সড়কবাতি, বর্জ্য, পয়ঃনিষ্কাশন, মশা, অবৈধ দখল, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো যাবে। মোবাইলে তোলা ছবি স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। সিটি করপোরেশনের প্রধান কার্যালয় ছাড়াও আঞ্চলিক কার্যালয়ে রাখা ড্যাশবোর্ডে প্রতিটি অভিযোগ দেখা যাবে।
অভিযোগের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরে তাও ড্যাশবোর্ডে দেখা যাবে। সমস্যা সমাধানের পর বিষয়টি অভিযোগকারীকে জানানোরও ব্যবস্থা থাকছে বলে সিটি করপোরেশন জানিয়েছে।
অ্যাপটির মাধ্যমে অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভার নাগরিকদের সুবিধা দেওয়া যায় কি না সে বিষয়ে ভেবে দেখতে মেয়র আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
“এ ধরনের অ্যাপ নাগরিক জীবন অনেক সহজ করে দিয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিধান করেছে। আমি এ অ্যাপের সুবিধাগুলো অন্য শহরেও দিতে চাই।”
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, “আমরা স্মার্ট, ডিজিটাল শহর তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে কাজ করছি। ঢাকা আর এরকম থাকবে না।
“স্মার্ট, নিরাপদ ও ডিজিটাল ঢাকা তৈরিতে প্রতিটি ক্ষেত্রে আমরা হাত দিয়েছি। ঢাকা বদলাচ্ছে, আগামী চার থেকে পাঁচ বছর পর এই ঢাকা আর থাকবে না। আমরা ঢাকাকে বদলে দিব।”
উত্তর ঢাকাকে আরও পরিচ্ছন্ন করার লক্ষ্যে কাজ চলছে জানিয়ে মেয়র বলেন, আগামী ৩০ দিনের মধ্যেই এর ফল দেখা যাবে।
তিনি বলেন, আগামী ৩ বছরে ঢাকায় পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবে ইতোমধ্যে উত্তরা এলাকায় কাজ শুরু হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, একসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অনেকে হাসাহাসি করলেও বাংলাদেশ যে এ পথে অনেক এগিয়েছে, ডিএনসিসির এই অ্যাপ চালু তারই প্রতিফলন।
এর মাধ্যমে নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানান তিনি।
“শুধু তথ্যপ্রাপ্তি নয় একজন নাগরিক যেন ঘরে বসেই তার সব নাগরিক সেবা পেতে পারেন, সেজন্য আমরা পরামর্শ ও প্রকল্প তৈরির মাধ্যমে সহায়তা করব।”
