এন আই খান মজুরি কমিশনের চেয়ারম্যান
সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি ঠিক করতে অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম খানকে (এন আই খান) জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া এই কমিশনের ১৬ জন সদস্য এবং একজন সদস্য সচিব নিয়োগ দিয়ে গত ২১ জুলাই আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, গঠনের দিন থেকে কমিশনের মেয়াদ ছয় মাস স্থায়ী হবে। তবে সরকার প্রয়োজন মনে করলে এর মেয়াদ বাড়াতে পারবে।
মজুরি কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম মাসে ৬০ হাজার টাকা সম্মানী ও সরকারি পরিবহন পুল থেকে গাড়ি পাবেন।
তবে পরিবহন পুল যদি গাড়ি সরবরাহ করতে না পারে তবে তিনি এর বিকল্প হিসেবে মাসে ১০ হাজার টাকা যাতায়াত ভাতা পেলেও কোনো বাড়ি ভাড়া পাবেন না।
সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম গত ৩০ নভেম্বর অবসরে গেছেন। গত মার্চ মাস থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটরের দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ পেয়েছেন সাবেক এই সরকারি কর্মকর্তা।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (ফাইল ছবি)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং আইসিএবির সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন মজুরি কমিশনের সার্বক্ষণিক সদস্য নিয়োগ পেয়েছেন। সার্বক্ষণিক সদস্য হিসেবে এরা মাসে ৫৫ হাজার টাকা সম্মানী ও গাড়ি পাবেন।
মজুরি কমিশনের চেয়ারম্যান ও দুজন সার্বক্ষণিক সদস্যের নিয়োগ যে কোনো পক্ষ (সরকার ও নিয়োগপ্রাপ্তরা) এক মাসের নোটিসের মাধ্যমে বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ রয়েছে।
এই কমিশনে খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (অর্থ) অবসরপ্রাপ্ত কর্নেল লেলিন কামাল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনেল মো. আবুল রফিক এবং বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উপ-কর্মচারী প্রধান মান-১ মো. ফখরুল আলম।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এবং বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিনকেও এই কমিশনের খণ্ডকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (এমআইএস), অর্থ বিভাগের যুগ্ম-সচিব (রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান), শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (শ্রম), পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম-প্রধান, ন্যাশনাল প্রোডাবটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এবং নিম্নতম মুরি বোর্ডের চেয়ারম্যানকে কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে কাজ করবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিবকে (সংস্থাপন) নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কমিশনের সদস্য সচিব করা হয়েছে।
খণ্ডকালীন সদস্য ও সদস্য সচিব কমিশনে কর্মরত অবস্থায় প্রতি বৈঠকের জন্য ৫ হাজার টাকা করে ভাতা পাবেন।
