বন্যামুক্ত ঢাকার মহাপরিকল্পনা করতে প্রতিবেদন চায় মন্ত্রিসভা কমিটি
ঢাকা মহানগরীকে বন্যামুক্ত রাখতে মহাপরিকল্পনা প্রণয়নের কার্যপরিধি নির্ধারণের জন্য দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন চেয়েছে ডিটেইলড এরিয়া প্ল্যান রিভিউয়ের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কমিটির নবম সভায় সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজউকের সহযোগিতায় এই দুই সংস্থা এদিন সভায় রাজধানীকে বন্যামুক্ত রাখার বিষয়ে দুটি সমন্বিত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে।
এই দুই সংস্থাকে উদ্দেশ করে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সভায় বলেন, মাস্টার প্ল্যান করতে হলে কী কী করতে হবে তা উল্লেখ করে কমিটিকে একটি কার্যপরিধি তৈরি করে দিতে হবে। সেই সঙ্গে সম্ভাব্য ব্যয়ের একটি হিসাব দিতে হবে যাতে অর্থায়নের জন্য চেষ্টা করা যায়।
“আমাদের সময়ক্ষেপণের আর কিন্তু সুযোগ নাই। বৈজ্ঞানিকভাবে না এগোলে কুড়ি বছরে আমাদের এখান থেকে প্যাক করে চলে যেতে হবে।”
পূর্তমন্ত্রীর নেতৃত্বে সমীক্ষা ও মহাপরিকল্পনা করার পর অর্থায়ন ও দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু তার আগের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার ওপর জোর দেন মন্ত্রী।
“এই সমস্যা কিন্তু অ্যাড্রেসেবল সমস্যা। সাশ্রয়ীভাবে সমাধান করা যাবে। আমাদের খাল বিল যেগুলো দখল হয়ে গেছে, সেটা আমরা আইনগতভাবেই সমাধান করতে পারব। কারণ এগুলো আবহমান কাল ধরে ছিল, সিএস-আরএস রেকর্ড রয়েছে। সার্ভেয়ার পাঠালেই বুঝতে পারব, কে জবর দখল করে আছে।”
ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সংশোধনে কারিগরি কমিটির সুপারিশ পর্যালোচনায় স্থানীয় সরকার সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সভায়। ওই কমিটিতে সরকারের অন্যান্য দপ্তরের প্রতিনিধিদেরও রাখা হবে বলে জানানো হয়।
স্থানীয় সরকার মন্ত্রী ছাড়াও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান এই সভায় অংশ নেন।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, নৌ সচিব অশোক মাধব রায়, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
