চিকিৎসার জন্য শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি
সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।
শওকত মাহমুদের আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ তাকে ৪০ দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এম. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মাসুদ রানা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি চল্লিশ দিন বিদেশে অবস্থান করতে পারবেন।”
প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ সব মামলায় জামিন পেলে গত ২২ জুন তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর তিনি বিদেশে যাওয়ার অনুমতি চাইলে ১৭ জুলাই নিম্ন আদালত তা নাচক করে দেয়। এর বিরুদ্ধে ২৮ জুলাই হাই কোর্টে আবেদন করেন শওকত মাহমুদ, যার ওপর শুনানি নিয়ে সোমবার আদালত আদেশ দিল।
আইনজীবী মাসুদ রানা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, “একটি মামলায় জামিনের সময় হাই কোর্ট বলেছে, বিদেশে যেতে হলে শওকত মাহমুদকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে। সে অনুসারে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনটি করা হয়। শওকত মাহমুদ ডায়বেটিস ও পিঠের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে আবেদনে জানানো হয়।”
