২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস: বিমানকর্মীদের সতর্ক করলেন মন্ত্রী

বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইরাক ও সিরিয়ায় পিছু হটে আইএস এখন সদস্যদের বিভিন্ন দেশে নাশকতার উদ্দেশ্যে পাঠাচ্ছে বলে খবর রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 01:20 PM

এ প্রেক্ষাপটে বিমানকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেছেন,“বিমান ও বিমানবন্দরে জঙ্গি হামলা চালানো গেলে একদিকে বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রচার পাওয়া যাবে এবং দেশকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে।

“এটা মাথায় রেখে বিমান ও  বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমান কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

রোববার কুর্মিটোলায় বাংলাদেশ বিমানের সদরদপ্তর বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাশেদ খান মেনন বলেন, “ইরাক ও সিরিয়ায় পিছু হটে আইএস তার সদস্যদের  বিভিন্ন দেশে নাশকতার উদ্দেশ্যে পাঠাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এরা যাতে বাংলাদেশকে তাদের  সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্র না বানাতে পারে সেজন্য এবং জঙ্গিবাদ নির্মূলে সরকারের পাশাপাশি প্রতিটি ব্যক্তির সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।  সবাইকে এ দায়িত্ব পালনে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

বিমান ও বিমানবন্দরের নিরাপত্তা শতভাগ নিশ্চিতকল্পে সম্ভাব্য সব কিছু করতে সরকার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, এরইমধ্যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের  উন্নত প্রশিক্ষণসহ বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ইনামুল বারীর সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৪ অগাস্ট সকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।