বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে ছুটে যেতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, “শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
উজান থেকে নামা ঢল ও বৃষ্টির পানিতে দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলা এখন ভাসছে বানের পানিতে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২৯ জুলাই পর্যন্ত বন্যায় তিন লাখ ৯৩ হাজার ৪৯৬ পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ মানুষ; ৯ হাজার ৩১৪টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নত হতে শুরু করলেও বন্যার পানি বঙ্গোপসাগরে যাওয়ার সময় রাজবাড়ী, ফরিদুপর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল জেলা প্লাবিত হতে পারে বলে আশঙ্কার কথাও জানান সচিব।
তিনি বলেন, “সাম্প্রতিককালে একটু বন্যা শুরু হয়েছে। বন্যাটা খুবই স্বাভাবিক আমাদের দেশে। তবে মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে আসে। কাজেই বন্যাদুর্গত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”
শেখ হাসিনা বলেন, বন্যার ফলে মানুষের যাতে ক্ষতি না হয় সে জন্য ‘যথাযথ’ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
“সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নদীগুলি ড্রেজিং করা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, তার প্রবাহ যাতে ঠিক থাকে সে ব্যবস্থা- এই ধরনের অনেক কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি,” বলেন প্রধানমন্ত্রী।
