মিছিল ছত্রভঙ্গ: ৩০ জুলাই বিক্ষোভ তেল-গ্যাস কমিটির
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রবিরোধী মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার প্রতিবাদে ৩০ জুলাই দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার দুপুরের পরে রাজধানীর পল্টনের মুক্তিভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি সাংবাদিকদের বলেন, “তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের অবিশ্বাস্য ও ঘৃণ্য তৎপরতায় আমাদের ওপর পুলিশ আক্রমণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কমিটির পক্ষ থেকে আগামী ৩০ জুলাই সারা দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে।”
ওই দিন বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ হবে বলে জানান তিনি।
এর আগে কমিটির আহ্ববায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে প্রতিবাদী মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়ে দুটি ব্যারিকেড ভেঙে শাহবাগ পার হয়ে বেলা সোয়া ১২টার দিকে পরিবাগের সামনে এসে পুলিশী বাধার মুখে পড়ে।
বাধা ঠেলে মিছিলটি বাংলা মোটর মোড়ের দিকে এগোতে গেলে পুলিশ ব্যাপক কাঁদুনে গ্যাস ছুড়ে এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে চার-পাঁচজনকে আটক করার কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক। এ ঘটনায় অসুস্থ ও আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা নিতে দেখা যায়।
বাকিদের মধ্যে তৃষা বড়ুয়া (৩০), সুলতানা আক্তার (২৫), আলামিন হোসেন (২২) ও শরীফুল চৌধুরী (৩০) গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসকরা জানান।
তবে পুলিশের কাঁদুনে গ্যাসে শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে দাবি করে আনু মুহাম্মদ বলেন, “এর মধ্যে ৪৯ জনের তালিকা আমাদের হাতে এসেছে। তারা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।”
অবিলম্বে মিছিল থেকে আটকদের মুক্তি দেওয়া, হামলকারী পুলিশদের বিচারের আওতায় নিয়ে আসা এবং রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করার দাবি জানানো হয় কমিটির পক্ষে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি এসময় উপস্থিত ছিলেন।
