বিচারহীনতার সংস্কৃতিতে নিরাপত্তা হুমকিতে: রওশন
অপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ দাবি করে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, এভাবে জনজীবনে নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে।
নারায়ণগঞ্জের সাত খুন, কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড, চট্টগ্রামের এসপিপত্নী হত্যাকাণ্ডের কথা তুলে ধরে বুধবার সংসদে বাজেট অধিবেশনে নিজের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি।
রওশন বলেন, “বিচারহীনতার সংস্কৃতি আমাদের জাতীয় জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদ থেকেও হামলার আশঙ্কা করা হচ্ছে।”
সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়টি তুলে ধরে তা রুখতে জাতীয় ঐক্যের কথাও বলেন বিরোধীদলীয় নেতা।
“জঙ্গিবাদের বিরুদ্ধে যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই, তবে এর উত্থান হবে না। ছেলে-মেয়েদের বন্ধুর মতো বোঝাতে হবে। ভালো পথে আনতে যা যা করার দরকার মিলিতভাবে করতে পারব বলে আমার বিশ্বাস।”
সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে সমস্যা নির্মূল করা সম্ভব। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একে নির্মূল করতে হবে।”
“আমাদের দেশে সিরিয়া-লেবাননের মত ঘটনা নেই। আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটাকে রুখতে এসব করা হচ্ছে,” বলেন বিরোধীদলীয় নেতা।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থা যেটা চালু আছে তাতে বলা যাবে না মানসম্মত শিক্ষা দিতে পারছি। ব্যাঙের ছাতার মতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় হয়েছে। পাসের হার বাড়ছে, মানসম্মত শিক্ষা বাড়ছে না।”
মন্ত্রী মহোদয় ঘুমাচ্ছেন
সমাপনী বক্তব্যের সময় মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরার পর এগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা রওশন।
বক্তব্যের এক পর্যায়ে নিজের দল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদের পানিসম্পদ মন্ত্রণালয় নিয়েও কথা বলেন তিনি।
নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কথা বলতে গিয়ে তার বাম দিকে বসা আনিসুল ইসলাম মাহমুদের দিকে দৃষ্টি দেন এবং দেখেন মন্ত্রী তার চেয়ারে বসে ঝিমুচ্ছেন।
রওশন তখন বলে ওঠেন- “মন্ত্রী মহোদয় ঘুমাচ্ছেন।
তার কথা শুনে আনিসুল ইসলাম মাহমুদ ধড়ফড়িয়ে সোজা হয়ে উঠে বসেন।
এমপিদের প্লট দিন
রওশন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর উদ্দেশে বলেন, “মন্ত্রী-এমপিরা যারা প্লট পাইনি তাদের যেন প্লট দেওয়া হয়। এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। যাদের প্লট দেওয়া হয়নি, তাদের দিতে হবে।”
এসময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।
পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিরোধী নেতা বলেন, “অনেক সচিব আছেন যাদের প্রধানমন্ত্রী পদোন্নতি দিয়েছেন, সম্মানিত করেছেন। আবার অনেকে বঞ্চিত হয়েছে।
“আমি আশা করব, তাদের কথা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। তারা কাজ করছেন। কয়েকজন আছেন তাদের কথা বিবেচনা করবেন। তাদের সম্মানিত করবেন।”
