২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি মামলা: দায়রা জজের কাছে ব্যখ্যা চেয়েছে হাই কোর্ট

মুদ্রা পাচার আইনে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে করা একটি মামলার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:41 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

দুই সপ্তাহের মধ্যে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে দুদকের করা এক আবেদনের শুনানিকালে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। 

মুদ্রা পাচার আইনে দুদকের করা দুটি মামলার একটিতে গত ২ ফেব্রুয়ারি হাই কোর্ট ডেসটিনির গ্রুপের পরিচালক দিদারুল আলমের জামিন প্রশ্নে রুল উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে রায় দেয়।

সেদিন পর্যবেক্ষণে উচ্চ আদালত এক মাসের মধ্যে ওই মামলার অভিযোগ গঠন এবং এক বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তৎকালীন প্রেসিডেন্ট এম হারুন অর রশিদ ও পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলাটি করে দুদক।

তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা।

বুধবার আদালতে দুদকের পক্ষে শুনানিতে থাকা আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিদারুল আলমের জামিন আবেদন নিষ্পত্তি করে হাই কোর্ট মুদ্রা পাচার আইনের এক মামলায় এক মাসের মধ্যে অভিযোগ গঠন ও এক বছরের মধ্যে মামলাটি নিস্পত্তির নির্দেশ দিয়েছিল।

“অভিযোগ গঠনের আদেশের জন্য মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লার আদালতে এখন বিচারাধীন। হাই কোর্টের আদেশের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন হয়নি।”  

এ অবস্থায় ওই আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য গত সপ্তাহে দুদক আবেদন করে।

খুরশীদ আলম খান বলেন, “বুধবার শুনানি নিয়ে হাই কোর্ট এ বিষয়ে বিচারক কামরুল হোসেন মোল্লাকে ১১ অগাস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা জানাতে বলেছে, সেইসঙ্গে ওই দিন আদেশের জন্য দিন রেখেছে হাই কোর্ট।”