২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: আশ্রয়কেন্দ্রে খাবার দেবে সরকার

বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্রে ওঠা ব্যক্তিদের খাবার সরবরাহ করা হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:07 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

পুরনো খবর:

বানে ভাসা চিলমারী

সচিবালয়ে বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন ত্রাণ, খাদ্য এবং জ্বালানি মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

Image
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ডিসিদের সঙ্গে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কীভাবে বন্যা মোকাবেলা করব, আমাদের কী প্রস্তুতি তা নিয়ে আলোচনা হয়েছে।

“বন্যায় আক্রান্ত নয়টি জেলার মানুষ পানিবন্দি হয়েছেন, তাদের জানমাল রক্ষায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে তা ডিসিদের সামনে তুলে ধরেছি।”

পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে মায়া বলেন, “আমাদের কথা হলো আশ্রয়কেন্দ্রে যারা থাকবেন, যতদিন পর্যন্ত পানি না নামে সেখানেই তাদের খাওয়ার ব্যবস্থা করব।

“তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখব। আমাদের হাতে খাদ্যের কোনো অভাব নেই, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

Image
রমনা বাজার এলাকার একটি বাড়িতে রান্না করছেন এক নারী।

রমনা বাজার এলাকার একটি বাড়িতে রান্না করছেন এক নারী।

Image
বানের পানিতে ডুবে যাওয়ায় চিলমারীর রমনা বাজার এলাকার গোলাম হাবিব শিশু নিকেতনও বন্ধ।

বানের পানিতে ডুবে যাওয়ায় চিলমারীর রমনা বাজার এলাকার গোলাম হাবিব শিশু নিকেতনও বন্ধ।

সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ বন্যা কবলিতদের মাঝে বিতরণে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “তাদের বলেছি প্রয়োজন হলে চাহিদা দেবেন, আমাদের খাদ্যের কোনো অভাব নেই।

“প্রধানমন্ত্রীর নির্দেশনা একটি মানুষও যেন না খেয়ে মারা না যায়, কারও যেন কষ্ট না থাকে। এজন্য যা যা করা দরকার মন্ত্রণালয় থেকে করা হবে, সেই নিশ্চয়তা আমরা দিয়েছি।”

মায়া জানান, বন্যা কবলিত নয় জেলার জন্য তিন ধাপে ১০ হাজার মেট্রিক টন চাল ও পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চার হাজার টন চাল ইতোমধ্যে পৌঁছে গেছে। ডিসি ও সংসদ সদস্যদের চাহিদামাফিক প্রত্যেক জেলায় ত্রাণ পাঠানো হয়েছে।

Image
বানের পানিতে ডুবে যাওয়ায় চিলমারীর রমনা বাজার এলাকার গোলাম হাবিব শিশু নিকেতনও বন্ধ।

বানের পানিতে ডুবে যাওয়ায় চিলমারীর রমনা বাজার এলাকার গোলাম হাবিব শিশু নিকেতনও বন্ধ।

Image
বন্যায় ডুবে গেছে গোয়ালঘর, সামান্য উঁচু জায়গায় রাখা হয়েছিল গবাদি পশু। সোমবার চিলমারীর বজরাদিয়ারঘাতা গ্রামের সেই উঁচু জমিতেও পানি উঠেছে।

বন্যায় ডুবে গেছে গোয়ালঘর, সামান্য উঁচু জায়গায় রাখা হয়েছিল গবাদি পশু। সোমবার চিলমারীর বজরাদিয়ারঘাতা গ্রামের সেই উঁচু জমিতেও পানি উঠেছে।

“আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ বন্যা-খরার দেশ, বৃষ্টি-বাদলার দিন আসলে মাস দুয়েক পানির চাপ থাকে। সেটা মোকাবেলার আগাম প্রস্তুতি নিয়েছি।”

বন্যাক্রান্ত জেলার মধ্যে বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা সফর করে এসেছেন জানিয়ে মন্ত্রী বলেন, বাকী জেলাগুলোও সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন তিনি।

এগুলোর বাইরে জামালপুর, নীলফামারি, লালমনিরহাট, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, ডিসিদের ত্রাণমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে জিআর চাল বন্ধ করা হয়েছিল। শিগগিরই নতুন নীতিমালা করে জিআর বরাদ্দ দেওয়া হবে।

“প্রতি জেলায় ত্রাণ গুদাম করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২২০টি নতুন আশ্রয়কেন্দ্র করা হবে। ২১টি জেলাকে ঘূর্ণিঝড়প্রবণ এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”