২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে গ্রেপ্তার দুই ‘জঙ্গি’ রিমান্ডে

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

এরা হলেন, আতাউর রহমান ও সারওয়ার হোসেন।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন বুধবার তাদের রিমান্ড আবেদনের ওপর শুনানি নিয়ে হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকালে আটক এই দুই ‘জঙ্গির’ বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাতে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই নওশের আলী বুধবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান।

শুনানি শেষে হাকিম মারুফ হোসেন তাদের চারদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বলে জানান আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সবুজবাগের স্থানীয় একটি মেসে অভিযান চালিয়ে আতাউর ও সারওয়ারকে আটক করে পুলিশ।

আটকদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য এবং কিছু জিহাদি বই উদ্ধার করার কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।