২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েকজনের’ পরিচয় জেনেছে পুলিশ  

ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে ‘কয়েকজনের’ পরিচয় জানতে পেরেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:51 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

তবে ‘পুরোপুরি নিশ্চিত না হয়ে’ এখনই সেসব তথ্য প্রকাশ করতে রাজি হননি ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জঙ্গি দমন বিষয়ে বাংলাদেশ বেতার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কয়েকজনের পরিচয় জানতে পেরেছি। তবে শতভাগ নিশ্চিত না হয়ে এ বিষয়ে আমি বলতে চাই না।”

সোমবার রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি, উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক।  

অভিযান শেষে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় নিহত নয়জনের ছবি (রক্তাক্ত লাশের ছবি। অপ্রাপ্তবয়স্কদের দেখার ক্ষেত্রে অভিভাবকদের নির্দেশনা নেওয়ার অনুরোধ করা হল) প্রকাশ করা হয়।পাশাপাশি ছবির ব্যক্তিদের নাম, পরিচয় ও পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, নিহতদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। তাদের চেহারা ও বেশভূষা দেখে ‘উচ্চশিক্ষিত’ বলে মনে হয়েছে। ওই বাসায় দুটি বিশ্ববিদ্যালয়ের সাতটি পরিচয়পত্র পাওয়া গেছে; সেগুলো আসল কি না যাচাই করে দেখা হচ্ছে।

নয়জনের মধ্যে পুলিশ কতজনের বিষয়ে তথ্য পেয়েছে জানতে চাইলে বুধবার অনু্ষ্ঠানের পর তিনি বলেন, “ছবি প্রকাশের পর আমরা সাড়া পাচ্ছি। বিভিন্ন জাযগা থেকে নাম আসছে। আমরা শতভাগ নিশ্চিত না হয়ে তা প্রকাশ করলে প্রশ্ন উঠবে। তবে দুই-একজনের নাম আমরা অনেকটাই নিশ্চিত।”

সন্দেহভাজন নয় জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার লাশের ময়নাতদন্ত হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে গুলশানে জঙ্গি হামলার পর অভিযানে নিহত হামলাকারীদের মত কল্যাণপুরের জঙ্গিদের দেহ থেকেও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।

ওই জঙ্গিদলের পরিচয় ও তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, “একটা ঘটনা ঘটলে তদন্তে কিছুটা সময় তো লাগে। আমাদের একটু সময় দেন।”