২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে জঙ্গি তৎপরতা রুখতে চুক্তি করবে বাংলাদেশ-ভারত

সাইবার জগতে আন্তজার্তিক জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্বারক সই করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:55 AM

Updated : 12 Apr 2022, 02:32 AM

এ বিষয়ে দিল্লি সফররত প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে ভারতের পোস্ট অ্যান্ড

টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রী মনোজ সিনহার আলোচনা হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে সঙ্গে মনোজ সিনহার দপ্তরে তাদের সাক্ষাৎ এই হয়।

সাক্ষাতের বিষয়ে তারানা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইবার স্পেসে আন্তজার্তিক জঙ্গিবাদী গোষ্ঠীকে মোকাবেলা করার জন্য ভারত-বাংলাদেশ একসাথে কাজ করবে। এজন্য দুই দেশ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবে।”

এমওইউ স্বাক্ষরের জন্য একটি ফোকাল পয়েন্ট ইতোমধ্যে দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “খুব শিগগিরই এটি করা হবে। এছাড়া সার্ক দেশগুলোর মধ্যে এই সমঝোতা স্বারক স্বাক্ষরে উদ্যোগ নিতেও আলোচনা হয়েছে।”

প্রযুক্তির প্রসারের এই যুগে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার তাদের মতাদর্শ প্রচার, তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট করা ও সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরাও ঘটনাস্থল থেকে প্রযুক্তি ব্যবহার করে বাইরে কারও সাথে যোগাযোগ রক্ষা করেছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সাইবার জগতে জঙ্গিবাদ প্রতিরোধে দুই দেশের সমঝোতার এই সিদ্ধান্ত এলো।

ভারতের টেলিকমিউনিকেশন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে আরও ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

“সেভেন সিস্টারগুলোতে (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) ইন্টারনেট রপ্তানিতে আলোচনা হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবল এ বছরের শেষে সংযোগ হলে অতিরিক্ত ব্যান্ডউইথ রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”

ইতোমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মাধ্যমে প্রাথমিকভাবে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরায়।

পার্সেল সার্ভিসের ক্ষেত্রে বাংলাদেশের ডাক বিভাগ ও ভারতের ডাক বিভাগ সরাসরি কাজ করবে বলেও আলোচনা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, দুই দেশের ডাক বিভাগ এই পার্সেল সার্ভিস সেবায় কাজ করবে বলেও আলোচনা হয়েছে।

বৈঠকে ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন এর সচিব জে পি দিপক উপস্থিত  ছিলেন।