২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বর্তমানে সুরকার আব্দুল লতিফকে বড় বেশি প্রয়োজন’

তরুণদের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার বিভিন্ন খবরের প্রেক্ষাপটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’সহ বিভিন্ন কালজয়ী দেশাত্মবোধক গানের সুরকার আব্দুল লতিফের মতো মানুষদের ‘বড় বেশি প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 11:48 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার বিকালে রাজধানীতে আব্দুল লতিফ স্মরণে হারানো দিনের কালজয়ী গানের অনুষ্ঠান ‘গানের ডালি’ শিরোনামের এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “আমরা যে পথে হাঁটছি, তা ভুল পথ। আমরা ক্রমেই নিজস্ব স্বকীয়তা, কৃষ্টি-কালচার, সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি।

“অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজস্ব সংস্কৃতিকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। বিরাজমান পরিস্থিতিতে একজন আব্দুল লতিফের উপস্থিতি বড় বেশি দরকার ছিল।”

‘সাংস্কৃতিক আন্দোলন জঙ্গিবাদ রুখবে’ মন্তব্য করে এজন্য আব্দুল লতিফের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের অভাব বোধ করেন মন্ত্রী মোজাম্মেল হক।

“১৯৬২, ছেষট্টি, ঊনসত্তর, একাত্তর- তার গান এখনও কানে বাজে আমার। তার গান শুনে রক্ত টগবগিয়ে উঠত। আজ তিনি থাকলে তার সুর বিপদগামী তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নামাতে পারত।”

একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ছাড়াও ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’, ‘ওরা আমার মুখের কথা’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে’- এমন সব কালজয়ী গানের স্রষ্টা সুরকার আব্দুল লতিফ।

আব্দুল লতিফকে ‘সংগ্রামী ও বিপ্লবী’ অভিহিত করে তার সমকক্ষ কেউ কখনও হতে পারবেন না বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

“বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, যাদের কণ্ঠ এদেশের প্রতিটি মানুষকে উদ্বেলিত করেছে আব্দুল লতিফ তাদের পুরোধা। সংগ্রামী ও বিপ্লবী এই গায়কের সমকক্ষ কেউ কোনোদিন ছিল না, হতেও পারবে না।”

কিংবদন্তি এই গীতিকার ও সুরস্রষ্টাকে জাতি যথাযোগ্য মর্যাদা দিতে না পারায় তার দায়ভার ‘নিজের কাঁধেও বর্তায়’ বলে দায় নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, “আমরা আমাদের সত্ত্বা, স্বকীয়তাকেই ভুলে গিয়েছি। আমাদের তরুণ প্রজন্ম এখন আর পল্লীগীতি, ভাটিয়ালি এসব শুনতে চায় না। আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গেলেও শুনি ব্যান্ডদল এসেছে। এসব ছাড়া নাকি তাদের চলে না।”

দেশের ইদানিংকালের জঙ্গি হামলার প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ, পবিত্র ধর্ম ইসলামকে ‘জঙ্গিবাদের ধর্ম’ হিসেবে প্রমাণ করতে একটি গোষ্ঠী দেশীয়-আন্তর্জাতিক মহলে নানাভাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে।

তিনি বলেন, “আগে আমরা ভাবতাম, মাদ্রাসার ছাত্রদের বেহেশতে যাওয়ার লোভ-লালসা দেখিয়ে এ পথে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখন দেখছি দুর্নীতিবাজ, কালো টাকার মালিকদের ছেলেরা… যারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে, তারাই এসবে লিপ্ত হচ্ছে।”

কিংবদন্তি গায়ক, সুরস্রষ্টা আব্দুল লতিফের মৃত্যুর ১১ বছর পেরিয়ে গেলেও বড় পরিসরে তাকে নিয়ে আয়োজন করতে না পারা ও তার সম্মানে কোনো স্মৃতিচিহ্ন না থাকার বিষয়েও আক্ষেপ করেন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে ঢাকার যেকোনো একটি সড়কের নাম ‘আব্দুল লতিফ সড়ক’ করার অনুরোধ জানাবেন তিনি।

অনুষ্ঠানে গীতালী ললিতকলা একাডেমির সভাপতি ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল সভাপতিত্ব করেন। এসেছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের আরেক শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।