২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ার আহ্বানে র‍্যাব

সারা দেশে একের পর এক ‘টার্গেট কিলিংয়ের’ সঙ্গে জুলাইয়ে এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে প্রচারাভিযান শুরু করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার গুলশান ২ নম্বর গোলচক্করে বিভিন্ন গাড়িতে স্টিকার ও দেয়ালে পোস্টার লাগিয়ে এ প্রচারাভিযান উদ্বোধন করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

এর আগে মহাপরিচালক এক সংবাদ বিবরণীতে বলেন, “সন্ত্রাস ও জঙ্গি দমনে নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যত নাগরিক যুক্ত হবে, ততই উন্নয়ন ঘটবে।”

র‌্যাবের শীর্ষ কর্মকর্তা ছাড়াও পুলিশের উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রচারাভিযানে উপস্থিত ছিলেন।

বেনজীর আহমেদ জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই র‌্যাব এই প্রচারাভিযান শুরু করেছে।

১৪টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে একযোগে র‍্যাবের এ প্রচারাভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

সবপেশার মানুষকে এই অভিযানে সম্পৃক্ত করার প্রয়োজন মন্তব্য করে মহাপরিচালক বলেন, সামাজিক সচেতনতা ছাড়া এ ধরনের প্রচারাভিযানে সফলতা পাওয়া যাবেনা। আর এই প্রচারাভিযানের মূল লক্ষ হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ করা।

কল্যাণপুরের অভিযান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো বলার সময় আসেনি।”

রাজধানীর কল্যাণপুর গার্লস হাই স্কুলের পাশের ‘জাহাজ বিল্ডিং’ হিসেবে পরিচিত ‘তাজ মঞ্জিল’ নামের ৬ তলা ভবন ঘেরাও করে সোমবার মধ্যরাতের পর অভিযান শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নয় জঙ্গি নিহত হয়।  আহত অবস্থায় ধরা হয়েছে এক জঙ্গিকে।

এর আগে ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য ও ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হয়।

আর ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে প্রবেশপথের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন। সেখানে পুলিশের গুলিতে এক জঙ্গি মারা যাওয়ার পাশাপাশি এক জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়।

গুলশান হামলার ঘটনা প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক সংবাদ মাধ্যমে ‘গুলশান’ কথাটি না লিখে শুধু ‘হলি আর্টিজান বেকারি’ লেখার আহ্বান জানিয়ে বলেন, “এই এলাকায় অনেক ব্যবসা বাণিজ্য আছে। আর্থিক বিষয় জড়িত আছে, যা ক্ষতিগ্রস্ত হবে।”

র‍্যাবের করা নিখোঁজ জঙ্গিদের তালিকা প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, “সবাইকে জঙ্গি হিসেবে তালিকা প্রকাশ করা হয়নি; আর এটি চলমান প্রক্রিয়া। সংখ্যার দিক দিয়ে কখনও বাড়বে কখনও কমবে।”

হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনায় জড়িত জঙ্গিরা অনেকদিন থেকেই পরিবার থেকে পালিয়ে নিখোঁজ ছিল বের হয়ে আসার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে নিখোঁজদের অনেকেই জঙ্গি কার্যক্রমে জড়িত হয়ে থাকতে পারে সন্দেহে ২৬১ জন নিখোঁজের একটি তালিকা দেয় র‍্যাব।

গত ২০ জুলাই নিখোঁজদের ওই তালিকা দেওয়ার পর গণমাধ্যমের অনুসন্ধানে অনেকের সন্ধানই পাওয়া যায়। এদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়। 

এরপর সোমবার ওই তালিকা হালনাগাদ করে ৬৮ জনের নিখোঁজের নতুন তালিকা গণমাধ্যমে পাঠায় র‌্যাব। অর্থাৎ ২৬১ জন থেকে নিখোঁজের সংখ্যা ১৯৩ জন কমেছে, শতকরা হারে তা ৭৪ ভাগ