২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে পাঁচ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এপ্রিল থেকে জুন মাসে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ১১টি মন্ত্রিসভা বৈঠকে ৯২টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৬৫টি বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়নের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ।

গত বছরের এই সময়ে ১৩টি মন্ত্রিসভার বৈঠকে ৬৮টি সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে শফিউল আলম বলেন, এর মধ্যে ৪৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ।

এই হিসেবে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে পাঁচ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট বেড়েছে।

গত বছরের এপ্রিল-জুন পর্যন্ত ৩৫ দশমিক ২৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন থাকলেও এবার একই সময়ে তার পরিমাণ ২৯ দশমিক ৩৫ শতাংশ বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এ বছরের এপ্রিল-জুন পর্যন্ত নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং ২০টি আইন সংসদে পাস হয়েছে। গত বছরের এই সময়ে নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হলেও সংসদে পাস হয় তিনটি আইন।

শিপিং করপোরেশন আইনের খসড়া অনুমোদন

সোমবার মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ শিপিং করপোরেশন আইন- ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭০ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশের আলোকে শিপিং করপোরেশন চলছিল। সামরিক শাসনের সময় ওই অধ্যাদেশের বেশ কয়েকটি সংশোধনী হয়।

“সামরিক শাসনামলের আইনগুলোকে নতুন করে প্রণয়নে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় ওই আইনটিকে বাংলায় করা হচ্ছে। মূল আইনের বড় পরিবর্তন করা হচ্ছে না, অল্প কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে।”