রাজধানীর সবুজবাগে দেয়াল ভেঙে আহত ৫
রাজধানীর সবুজবাগ বাঘপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সীমানা দেয়াল ভেঙে রাস্তায় পড়ে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মুসলিমা বেগম (৩০), তার শিশু কন্যা হাবিবা (৩)ও সোহাগী (৮) এবং সেলিনা (৩০) ও রাশেদা (৩০)।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে সবুজবাগ বাঘপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় নির্মাণাধীন বাড়ির সীমানা দেয়াল ভেঙে রাস্তার ওপর পড়লে তারা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর রাশেদাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
আহতরা সকলে গরিব উল্লেখ করে ওসি বলেন, সকলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
