২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরীন বানু মিতিলের জন্য শোক

মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী শিরীন বানু মিতিলের মৃত্যুতে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 10:52 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

একাত্তরে যে কজন নারী হাতে অস্ত্র নিয়ে সরাসরি সময়ে ছিলেন, তাদের একজন শিরীন বাবু বৃহস্পতিবার মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শিরীন বানুর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ তার একাত্তরের প্রেরণাদায়ী ভূমিকার কথা তুলে ধরেন।

“২৬ মার্চের পর তিনি সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পত্রিকায় প্রকাশিত তার পুরুষের পোশাক পরিহিত যুদ্ধরত অবস্থার ছবি তখন তরুন প্রজন্মকে দারুণভাবে উজ্জীবিত করে।”

রাজনীতি সচেতন পরিবারে জন্ম নেওয়া শিরীন বানু মিতিল স্কুলজীবনেই ছাত্র ইউনিয়নে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর আক্রমণ শুরু হলে ২৭ মার্চ পাবনা পুলিশ লাইনে প্রতিরোধ যুদ্ধে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সেই যুদ্ধে তিনি বীরকন্যা প্রীতিলতাকে অনুসরণ করে পুরুষ বেশে অংশ নেন।

ছাত্র ইউনিয়নের শোক বিবৃতিতে বলা হয়, “শিরীন বানু মিতিলের জীবন ও মুক্তিযুদ্ধে যোগদান প্রীতিলতা ওয়াদ্দেদারের ব্রিটিশবিরোধী যুদ্ধে যোগদান করার মতই চিরস্মরণীয় ও অনুকরণীয়।”

শিরীন বানু মিতিলের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার প্রতি আলোকপাত করে সেক্টর কমান্ডার্স ফোরামের শোক বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধে রণাঙ্গণে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভানেত্রী ছিলেন।”

বাংলাদেশ কৃষক সমিতির বিবৃতিতে বলা হয়, “তিনি শুধু ছাত্র ইউনিয়ন এবং নারীনেত্রীই ছিলেন না, এদেশের কৃষক-ক্ষেতমজুর শ্রেণির দুঃখ দুর্দশায় তিনি সর্বদা বিচলিত থাকতেন। কৃষকের অধিকার আদায়ের লড়াই সংগ্রামেও তিনি অংশগ্রহন করেছেন।”