মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মালয়েশিয়া সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলামউদ্দিন।
তিনি বলেন, “সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
“বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের জন্য দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে জ্বালানি প্রতিমন্ত্রী তাকে বলেন, বিভিন্ন প্রকল্পে বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।”
এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওপর গুরুত্ব আরোপ করেন বলে জানান জ্বালানি মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
উত্তরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের জি টু জি/পিপিপি তে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে তার দেশ আগ্রহী।
বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বর্তমানে ১১ বিলিয়ন রিংগিত বিনিয়োগ করেছে মালয়েশিয়া।
আসলামউদ্দিন জানান, জার্মানিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে ১৯ জুলাই ঢাকা ছেড়েছেন প্রতিমন্ত্রী। আগামী ২৫ জুলাই তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
