বিদ্যালয়ে ‘দড়িলাফ’ জনপ্রিয় করতে নির্দেশনা
জঙ্গি হামলার সঙ্গে শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে দেশের বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে দড়িলাফ খেলা জনপ্রিয় করতে নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয় ও মাদ্রাসগুলোকে এই নির্দেশা দেওয়া হয়।
এতে বলা হয়, খেলাধুলার মাধ্যমে শরীর গঠন ছাড়াও নিয়ম-শৃঙ্খলা, সহযোগিতা, সহমর্মিতা, একতা, দলগঠন প্রভৃতি মানবিক গুণাবলি বিকশিত হয়।
“ফলে ছাত্র-ছাত্রীরা শারীরিক ও মানসিক দিক থেকে উন্নত ও মননশীল যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার সুযোগ পায়।”
সব বিদ্যালয়ে মাঠের অভাব ও প্রযুক্তিনির্ভর বিনোদন মাধ্যমের বিকাশের ফলে ছাত্রছাত্রীরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
“দেশের বিদ্যালয়গুলোতে মাঠের অভাব ও অন্যান্য সুযোগ-সুবিধার অপ্রতুলতা এবং প্রযুক্তিনির্ভর বিনোদন মাধ্যমের বিকাশের ফলে ধীরে ধীরে ছাত্রছাত্রীরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক গঠনে নেতিবাচক প্রভাব পড়েছে।”
এ সমস্যা সমাধানের জন্য ছোট জায়গায় স্বল্প ব্যয়নির্ভর খেলাধুলার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহী করে তোলার নির্দেশনা দিয়ে আদেশে বলা হয়, “এর মধ্যে দড়িলাফ একটি সহজ শরীর চর্চার খেলা। এ খেলাটি দেশের সকল বিদ্যালয় ও মাদ্রাসায় জনপ্রিয় করে তোলার উদ্যোগ গ্রহণ করা জরুরি।”
‘উপযুক্ত’ এ রকম আরও কোনো খেলা অন্তর্ভুক্ত করা যায় কি না- সে বিষয়ে মতামত দিতেও আদেশে অনুরোধ জানানো হয়েছে।
