২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের অ্যাকাউন্টে টাকা পাঠানো ৪ জনের বিরুদ্ধেও ব্যবস্থা

সিঙ্গাপুরের যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচার ও সেখান থেকে খরচ করার অপরাধে বিএনপি নেতা তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দণ্ড দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্টে অর্থ জমাকারী আরও চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

এই চারজন হলেন- হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোহম্মদ মোয়াজ্জেম হোসেন, নির্মাণ কনস্ট্রাকশনের চেয়ারম্যান খাদিজা ইসলাম এবং মায়ার সাইরি ও মেরিনা জামান।

হাই কোর্ট বলেছে, “ওই অর্থ পাচার প্রক্রিয়ায় এই চারজন বর্তমানে দণ্ডিতদের (তারেক-মামুন) মানি লন্ডারিং প্রক্রিয়ায় সহায়তা করেছে।এজন্য তাদের বিরুদ্ধে আইন অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হল।”

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তারেকের খালাসের রায় বাতিল করে সাত বছরের কারাদণ্ডের এই রায় দেয়। সেই সঙ্গে মামুনের সাত বছরের দণ্ড বহাল রাখার আদেশ হয়।

দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় মামুনের সিঙ্গাপুরের ওই ব্যাংক হিসাবে চারজন অর্থ জমা দেন বলে তদন্তে, অভিযোগপত্রে ও সাক্ষীদের বক্তব্যে এসেছে। এ প্রক্রিয়ায় যুক্ত থাকার কারণে আদালত চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।”

নথিপত্র যা বলছে

মুদ্রা পাচরের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক ও মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুদক। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।

Image
২০০৮ সালে লন্ডন যাওয়ার আগে হাসপাতালে তারেকের পাশে খালেদা জিয়া

২০০৮ সালে লন্ডন যাওয়ার আগে হাসপাতালে তারেকের পাশে খালেদা জিয়া

Image
জজ আদালতে রায়ের দিন গিয়াসউদ্দিন আল মামুন।

জজ আদালতে রায়ের দিন গিয়াসউদ্দিন আল মামুন।

মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে চীনের মেসার্স হারবিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ঘুষ নেন গিয়াসউদ্দিন আল মামুন। প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি এর মধ্যে একটি বড় অংশ দেয়।

# ২০০৩ সালের ১ অগাস্ট নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান বেগম খাদিজা ইসলামের অ্যাকাউন্ট থেকে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে (১৫৮০৫২ নম্বর) টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে সাড়ে ৭ লাখ মার্কিন ডলার জমা করা হয়।

# হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোহম্মদ মোয়াজ্জেম হোসেন ২০০৩ সালের ১৬ জানুয়ারি ওই হিসাবে ১১ লাখ ৬৭ হাজার মার্কিন  ডলার জমা দেন।

# ২০০৩ সালের ৫ জুন মায়ার সাইরি ওই অ্যাকাউন্টে জমা দেন ৪ লাখ ২০ হাজার ৫৬৬ মার্কিন ডলার

# ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর মেরিনা জামান জমা দেন ৩০ হাজার মার্কিন ডলার

# এছাড়া বিভিন্ন সময়ে ওই হিসাবে জমা পড়ে আরও ৪ লাখ ১১ হাজার ৪০৪ ডলার।

# ‘অবৈধ সুবিধা’র বিনিময়ে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার কাছে ওই অর্থ সিঙ্গাপুরে মামুনের অ্যাকাউন্টে ওই অর্থ জমা করা হয় বলে বলা হয় অভিযোগপত্রে।

# ওই অ্যাকাউন্ট থেকে ৭৯ হাজার ৫৪২ মার্কিন ডলার সিটি ব্যাংক ইন্টারন্যাশনালের গোল্ড ভিসা কার্ডের মাধ্যমে খরচ করেন মামুন। 

# তারেক রহমানের সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল সাপ্লিমেন্টারি গোল্ড ভিসা কার্ডের মাধ্যমে খরচ করেন ৫৪ হাজার ৯৮২ মার্কিন ডলার।

# জমা খরচের পরও ওই অ্যাকাউন্টে মোট স্থিতি থাকে ২৭ লাখ ৭৮ হাজার ৯৭০ ডলার।

# বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনের ওই ব্যাংক হিসাব থেকে জমা থাকা অর্থ বিশেষ ব্যবস্থায় দেশে ফেরত আনা হয়।

# ২০০৭ সালের ১১ জুন সিঙ্গাপুরের ওই ব্যাংক হিসাব থেকে মিভিন্ন মুদ্রায় মিলিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট করপোরেট শাখায় মামুনের সঞ্চয়ী হিসাবে জমা করা হয়। ওই টাকা পরে ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, “অপকৌশলের আশ্রয় নিয়ে তারেক রহমান ওই অর্থ নিজ নামে কোনো ব্যাংক একাউন্ট না খুলে তারই সকল কর্মকাণ্ডের সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনের একাউন্টে জমা করেন। পরে সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের মাধ্যমে তারেক তা তুলতেন বলে প্রমাণ পাওয়া গেছে। 

আর হাই কোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার  ছেলে তারেক ‘রাজনৈতিক ঢাল’ ব্যবহার করে ‘সচেতনভাবে’ ওই আর্থিক অপরাধে জাড়িয়েছিলেন।

“তিনি তার রাজনৈতিক উচ্চ শ্রেণির অবস্থান ব্যবহার করে ‘কনসালটেশন ফির’ নামে তার সহযোগীর (গিয়াসউদ্দিন আল মামুন) মাধ্যমে ‘ডার্টি মানি’ অর্জন করেছেন।