২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদ-জঙ্গিবাদে বিশ্বাসীরাই নারী উন্নয়নে বাধা: ইনু

কুসংস্কারাচ্ছন্ন, মৌলবাদ এবং জঙ্গিবাদে বিশ্বাসীরাই নারী উন্নয়নে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 01:35 AM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পেইন্টেড চাইল্ড আয়োজিত ‘উন্নয়নে নারী’ শীর্ষক চিত্র প্রতিযোগিতার উদ্বোধনীতে তিনি বলেন, “বাংলাদেশ এখন উন্নয়ন যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। এ যুদ্ধে জয়ী হতে হলে নারীকেও এতে শামিল করতে হবে।”

এজন্য লিঙ্গ বৈষম্য দূর করতে হবে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

“বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের কারণে জাতীয় উন্নয়নে অংশগ্রহণে নারীরা এখনও খানিকটা পিছিয়ে আছে। কুসংস্কার, পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা এখনও নারীকে আটকে রেখেছে।”

শিক্ষার অধিকার, সামাজিক নীতি নির্ধারণে অংশ নেওয়ার অধিকার এবং সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে লিঙ্গ বৈষম্য দূর হতে পারে বলে মনে করেন জাসদ নেতা হাসানুল হক ইনু।

পেইন্টেড চিলড্রেনের ‘উন্নয়নে নারী’ শীর্ষক এ প্রতিযোগিতায় ২১ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। বাংলাদেশের নাগরিক যে কেউ উন্নয়নে নারীর অংশগ্রহণমূলক পাঁচটি ছবি জমা দিতে পারবেন।

ছবিগুলো বাছাই শেষে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীরা আর্থিক সম্মানিও পাবেন। বাছাই করা ৪০ ছবি নিয়ে ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে প্রদর্শনী করা হবে। এছাড়া দেশের বাইরে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডেও প্রদর্শনী হবে।

অনুষ্ঠানে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আয়েশা মেমোরিয়াল এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম বক্তব্য রাখেন।