২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় নাট্যদল তীরন্দাজের অনুষ্ঠান বাতিল কর্তৃপক্ষের

রামপাল বিদ্যুৎ ‘প্রকল্পবিরোধী’ আলোচনা সভার আয়োজন করায় হল বরাদ্দ নীতিমালা ‘পরিপন্থি কাজ’ ও বিশৃঙ্খলা সৃষ্টির ‘হুমকি’র অভিযোগ এনে তীরন্দাজ নাট্যদলের একটি প্রদর্শনী বাতিল করেছে শিল্পকলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান হলে তীরন্দাজ রেপার্টরি নাট্যদল ‘কণ্ঠনালীতে সূর্য’ একটি নাটকটি মঞ্চায়নের কথা ছিল।

প্রদর্শনীর আগে তারা সুন্দরবনের কাছে রামপাল বিদুৎকেন্দ্র স্থাপন ইস্যুতে ‘বাকবিতণ্ডা’ শিরোনামে একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে, যাতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের অংশ নেওয়ার কথা ছিল।

বিতর্কে অংশ নিতে একাডেমিতে উপস্থিতও হয়েছিলেন আনু মুহাম্মদ।

একাডেমি কর্তৃপক্ষের ভাষ্য, তীরন্দাজ নাটক মঞ্চায়নের কথা বলে একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান হল বরাদ্দ নিলেও বিতর্ক অনুষ্ঠান আয়োজনের কোনো অনুমতি তাদের ছিল না।

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, নাটক প্রদর্শনী ছাড়া কোনো ধরনের রাজনৈতিক, সরকারবিরোধী বা দেশদ্রোহমূলক কোনো সভা-সমাবেশ, আলোচনা বা অন্য কোনো অনুষ্ঠান আয়োজনের কোনো রকম সুযোগ নেই।

এ ধরনের কাজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নীতিমালা বিরুদ্ধ জানিয়ে সংস্থাটি বলছে, তীরন্দাজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাদেরকে শুধুমাত্র নাটক প্রদর্শনী করতে ‘অনুরোধ’ জানানো হয়।

এরপর তীরন্দাজের স্বত্ত্বাধিকারী দীপক সুমন কর্তৃপক্ষকে নাটকের নামে এই ‘রাজনৈতিক অনুষ্ঠান’ জোর করে শিল্পকলায় করার এবং বিশৃঙ্খলা তৈরির হুমকি দিয়েছেন বলে একাডেমির অভিযোগ।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তীরন্দাজ নাট্যদলের প্রধান দীপক সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা বাহাস বা বিতর্কের নামে কোনো সরকারবিরোধী ও দেশদ্রোহমূলক কোনো কর্মকাণ্ড করিনি। হুমকি কেন দিতে যাব?”

বিকাল ৫টা থেকে রাত ৯টা অবধি মঞ্চটি তাদের জন্য বরাদ্দ ছিল জানিয়ে দীপক বলেন, এরই এক ঘণ্টা তারা ‘বাকবিতণ্ডা’ শিরোনামে রামপাল কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র স্থাপন ইস্যুতে আনু মুহাম্মদের নীতির ‘বিরোধিতা’ করতে চেয়েছিলেন।

একাডেমি বিতর্ক অনুষ্ঠানটি বাতিল করতে বললে তারা ইতোপূর্বে শিল্পকলার মঞ্চে জাতীয় ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানের নজির টানেন বলে দাবি করেন এই নাট্যকর্মী।

“ইতোপূর্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে শিল্পকলার মঞ্চে জাতীয় ইস্যুতে কথা বলতে দেখা গেছে। আমরা একাডেমিকে সেই কথা বললে তারা পূর্বের কোনো উদাহরণ এখন প্রযোজ্য হবে না আমাদের জানায়।

“কথা বলার অধিকার হরণ করে ওনারা আগাম সতর্ক করে যান , ‘বিষয়টাকে সাংঘর্ষিক জায়গায় নেবেন না’। আনু স্যারের সাথে কথা বলতে চাওয়া সংঘর্ষ হয় কি করে?,” প্রশ্ন দীপকের।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিল চেয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক দিন থেকেই সভা-সমাবেশ করে আসছেন।

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করায় ‘বাকস্বাধীনতা হরণ’ আখ্যায়িত করে আনু মুহাম্মদ ঘটনার নিন্দা জানিয়েছেন বলে জানান তীরন্দাজ প্রধান দীপক সুমন।

পুরনো খবর:

তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’