তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে তীরন্দাজ নাট্যদলের নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। এটি নাটকের ষষ্ঠ মঞ্চায়ন।
মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রাজীব দে। দলের হয়ে এটি রাজীবের প্রথম নির্দেশনা। নাটকটি দলের তৃতীয় প্রযোজনা।
কাব্যময় নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’-র কাহিনি আবর্তিত হয়েছে এক আগন্তুককে ঘিরে। আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলেন তার কন্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান বা চিরকালের জন্য হৃদপিন্ডে রেখে দিতে চান। তার এমন অদ্ভুত দাবিতে নানা বিদ্রুপ করতে থাকেন চিকিৎসালয়ে আসা মিলি ও সমীর। তাতে দমে না গিয়ে আগন্তুকও কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান।
তীরন্দাজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব গ্লিটজকে বলেন, “প্রতীকী নাটকের মাধ্যমে আমরা সাম্প্রতিক বাস্তবতার কথা তুলে ধরেছি। আমরা এখন নানা ধরাবাঁধা নিয়মের মধ্যে গন্ডিবদ্ধ জীবনযাপন করছি। অসত্য, অন্যায়ে ছেয়ে গেছে চারপাশ। আমরা সত্য বলতে চাই। কিন্তু কণ্ঠনালীতে এসে আটকে যায় সেসব কথা। এ নাটকে আমরা সত্য উদঘাটনের কথা বলতে চেয়েছি।”
নাটকে ‘আগন্তুক’ চরিত্রে দীপক সুমন, ‘মিলি’ চরিত্রে মিতালী দাস, ‘ডাক্তার’ চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন, ‘সমীর’ চরিত্রে শফিকুল ইসলাম অভিনয় করছেন।
নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন কাজী রাকিব, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন, এবং সংগীত পরিকল্পনায় আছেন রিফাত আহমেদ নোবেল।
