মদদদাতাদের ধরা সময়ের ব্যাপার: প্রধানমন্ত্রী
জঙ্গি হামলায় সম্পৃক্ত ও এর মদদদাতাদের আইনের আওতায় আনার বিষয়ে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় জঙ্গিবাদের বিরুদ্ধে একতাবদ্ধ থাকায় তাদের ধরা কঠিন হবে বলে মনে করছেন না তিনি।
বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এদেরকে আমরা ধরতে পারব এবং উপযুক্ত শাস্তি আমরা দিতে পারব।
“আজকে যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ সেহেতু এগুলি খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না…এটা সময়ের ব্যাপার মাত্র।”
আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নষ্ট করার জন্য যারা পর্দার আড়ালে থেকে এ হামলাগুলি করাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকার মধ্যেও সরকার গঠন করার পর বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।”
তবে ২০১৫ সালে তিনমাস আন্দোলনের নামে ‘মানুষ পুড়িয়ে মারা’ এবং তার আগের বছর নির্বাচন বন্ধের আন্দোলনের নামে ‘মানুষ হত্যা’র ঘটনা তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, “সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, সবগুলিতেই কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে।
“তবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করছি, সুষ্ঠু ব্যবস্থাপনা করেছি। যার ফলে অতি অল্প সময়ে এই অবস্থার মোকাবিলা করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি এবং বিদেশি বিনিয়োগকারীদের মাঝে যাতে আস্থা, বিশ্বাস সৃষ্টি হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি।”
গুলশানে সাম্প্রতিক হামলার ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের ঘটনা আসলে বিশ্বব্যাপীই এখন ঘটছে। কিন্তু বাংলাদেশে যারা ঘটাচ্ছে তারা সত্যিকারভাবে এদেশের উন্নতি, অগ্রগতি চায় না।
“মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এরা আসলে সেই স্বাধীনতায় বিশ্বাস করে না বলে আমার বিশ্বাস। নইলে এই ধরনের অমানবিক, কাপুরুষোচিত ঘটনা এভাবে বাংলাদেশে ঘটবে- এটা সত্যিই কল্পনাতীত।”
হামলার তদন্ত চলার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, “কয়েকজন হামলাকারী ওই দিনই মারা গেছে এবং বাকী কয়েকজনকে শনাক্ত করতে ও ধরতে সক্ষম হয়েছি।”
নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সে বিষয়ে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “তথ্যগুলি জানালে যারা এর সঙ্গে (জঙ্গি, সন্ত্রাস) জড়িত তাদের তো ধরা যাবেই।
“পাশাপাশি পর্দার আড়ালে যারা, যারা এর মদদদাতা, যারা পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা অর্থ দিচ্ছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। তারা আমাদের দেশের হোক বিদেশের হোক তাদের খুঁজে বের করা অবশ্যই কর্তব্য।”
