উদীচীর ‘জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ’ শুক্রবার শুরু
উগ্রপন্থার উত্থান, জঙ্গি হামলা ও নাশকতার প্রতিবাদে শুক্রবার থেকে সারা দেশে ‘জঙ্গিবাদবিরোধী সপ্তাহ’ পালন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সব ধরনের উগ্রতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাতে উদীচী এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদীচীর জঙ্গিবাদবিরোধী সপ্তাহের প্রথম দিন ২২ জুলাই বিকালে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হবে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। ২৮ জুলাইও কেন্দ্রীয় উদীচীর উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় দেশ ‘এক অভূতপূর্ব সঙ্কটের’ সম্মুখীন হয়েছে।
“গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্লগার, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, বিদেশি অতিথিসহ সমাজের প্রায় সব শ্রেণী-পেশার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গুলশান ও শোলাকিয়ার ঘটনা সেইসব ঘটনারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী।”
আগের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে গুলশানের মতো ঘটনা রোধ করা সম্ভব হত বলেও উদীচী মনে করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “লাখো শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ধর্মের নামে সাম্প্রদায়িক দেশে রূপান্তরিত করতে দেওয়া হবে না। ”
