চলচ্চিত্র শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ‘চলচ্চিত্র-অধ্যয়ন ও প্রশিক্ষণ’
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটসহ (বিসিটিআই) দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘চলচ্চিত্র-অধ্যয়ন ও প্রশিক্ষণ’ শীর্ষক পাঠ্যপুস্তক।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বইটি প্রকাশ করেছে বিসিটিআই।
‘চলচ্চিত্র-অধ্যয়ন ও প্রশিক্ষণ’ পাঠ্য বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে প্রকাশিত বইটিকে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য একটি ‘পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক’ বলে মন্তব্য করেন তথ্যসচিব মরতুজা আহমেদ।
আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু্ বইটিকে চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য ‘ভীষণ গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন।
চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনাসহ নানা কারিগরি দিক, চলচ্চিত্রশিল্পের বাজারজাতকরণ, নন্দনতত্ত্ব, আধুনিক চলচ্চিত্র, ডিজিটাল চলচ্চিত্রের নানা দিক সন্নিবেশিত করা হয়েছে এই পাঠ্যপুস্তকে।
বইটিতে লিখেছেন, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রযোজক—সমালোচক-শিক্ষক মোহাম্মদ হোসেন জেমি, গবেষক-শিক্ষক অনুপম হায়াৎ, সমালোচক ফরিদুর রহমান, সাজেদুল আওয়াল, নাদির জুনাইদসহ আরও অনেক শিক্ষক-গবেষক ও সমালোচকরা।
বিসিটিআইয়ের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “মাতৃভাষায় বাংলায় চলচ্চিত্রের যেসব বই লেখা হয়েছে তাতে চলচ্চিত্রের নানা দিক নিয়ে এত বিষদভাবে বলা হয়নি। আমি মনে করি, বাংলায় চলচ্চিত্র অনুধাবন যতটা সহজ হবে ইংরেজিতে ততটা নয়। ইংরেজিতে মৌলিক ও সৃজনশীলতা বিকাশের চিন্তা সম্ভব নয়।”
চলচ্চিত্র অধ্যয়ন ও চর্চাকে নির্দিষ্ট কাঠামাতে নিয়ে আসতে বিসিটিআইয়ের ‘সমন্বিত উদ্যোগে’ বইটি প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি।
চলচ্চিত্র অধ্যয়নের রচিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। রাজধানীর দারুস সালামে বিসিটিআই কার্যালয়ের পাশাপাশি শাহবাগের পাঠক সমাবেশেও পাওয়া যাবে বইটি।
তথ্যসচিব মরতুজা আহমেদ বলেছেন, বইটির জন্য পর্যাপ্ত অর্থ না থাকলেও পরে ‘বিশেষ ব্যবস্থায়’ পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।
বইটি প্রসঙ্গে তিনি বলেন, “চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, শিল্প নির্দেশনা, ডিজিটাল প্রযুক্তি, কারিগরি দিক –কী নেই বইটিতে! এক কথায় এটি পূর্ণাঙ্গ বই।”
চলচ্চিত্রবিষয়ক বইটির নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সভায় মুখ্য হয়ে চলচ্চিত্রাঙ্গনের বেহাশ দশার কথা। অনুষ্ঠানে আসা নির্মাতা-প্রযোজক ও সমালোচকরা চলচ্চিত্রকে বাঁচাতে নিজেদের নানা দাবি দাওয়ার কথা তুলে ধরেন।
চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক সাজেদুল আওয়ালের দাবি, এবার একটি ‘পূর্ণাঙ্গ ফিল্ম সেন্টার’ গড়ে তোলা হোক। পাশাপাশি ফিল্ম আর্কাইভের সহযোগিতায় ‘ডিরেক্টরিয়াল ফিল্ম ফেস্টিভাল’ আয়োজন করার ব্যাপারেও জোর দেন তিনি।
বিসিটিআই-এর চলচ্চিত্র বিষয়ক পাঠ্যপুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে চলচ্চিত্র প্রসঙ্গে নানা অভিযোগ তুলে ধরেন নির্মাতা ও প্রযোজকরা।
গুটিকয়েক নির্মাতা-প্রযোজক ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত হওয়ায় চলচ্চিত্রাঙ্গন ধ্বংসের মুখে পড়েছে বলে আলোচনায় অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও সমালোচক মোহাম্মদ হোসেন জেমি।
তার অভিযোগ, চলচ্চিত্রের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান’ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে দীর্ঘদিন কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সেখানে চলছে অনিয়ম, স্বেচ্ছাচারিতা।
জেমি বলেন, “এফডিসিতে গুটিকয়েক লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে হীন প্রয়াসে লিপ্ত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দল, মামলা-পাল্টা মামলা, অনৈক্য-অনাকাঙ্খিত নানা ইস্যুতে চলচ্চিত্র শিল্প ভুগছে। প্রযোজক সমিতিতে কোনো অভিভাবক নেই।”
একাধিকবার দিনক্ষণ ঘোষণা করেও চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন না হওয়ায় ক্ষুব্ধ এই প্রযোজক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে বলেন, “প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলে সঙ্কট কেটে যাবে। নতুন প্রযোজকরাও আসবেন, বাঁচবে চলচ্চিত্রাঙ্গন।”
বিসিটিআই-এর পাঠদান প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট গবেষক ফরিদুর রহমান বলেন, “ইনস্টিটিউটে কোর্সের জন্য ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এটি কি ডিপ্লোমা কোর্স? চলচ্চিত্রের এত বড় প্রতিষ্ঠানে অবশ্যই চলচ্চিত্র বিষয়ক অধ্যাপক নিয়োগ দিতে হবে। তবে ইনস্টিটিউট প্রকৃতপক্ষে একাডেমিক রূপ পাবে।”
তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, আগারগাঁওয়ের সরকারি ১২ তলা ভবনে ফিল্ম আর্কাইভ স্থানান্তরের পর সেখানেই ফিল্ম ফেস্টিভাল আয়োজনের জন্য কার্যক্রম গ্রহণ করা হবে। গড়ে তোলা হবে চলচ্চিত্র জাদুঘর।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “চলচ্চিত্র শুধু বিনোদন প্রদানের মাধ্যম নয়, এখন তা অধ্যয়নের বিষয়, চর্চার বিষয়। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রক্রিয়া চলছে।”
চলচ্চিত্র নিয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের ‘তেমন আগ্রহ না থাকলেও’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান তথ্যমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশন ও বিএফডিসির ‘পুনর্জাগরণে’ আধুনিকায়ন চলছে বলেও জানান তিনি।
