২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতায় ক্ষোভ, কবিতায় প্রতিবাদ

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ ও নিন্দা জানিয়ে কবিতার মাধ্যমে সারা দেশে প্রতিবাদ গড়ে তোলার কথা বলেছে জাতীয় কবিতা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 01:15 PM

মঙ্গলবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’ শীর্ষক এক সভায় দেশের প্রথিতযশা কবিরা মুখর হয়ে ওঠেন উগ্রপন্থার প্রতিবাদে।

সভায় দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন বেগবান করতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান কবিরা।

একই সভায় অংশ নিয়ে পারিবারিক পর্যায়ে লোকজ সংস্কৃতির চর্চা বাড়াতে সাধারণ নাগরিকদেরও অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, “জঙ্গিবাদের সংকট যত না রাজনৈতিক, তার চেয়ে বেশি সাংস্কৃতিক। মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আমাদের সংস্কৃতির সাথে পরিচিত নয়। তারা আমাদের সংস্কৃতির উদারতার কথা জানে না। জঙ্গিবাদী চেতনা তাদের মোহজগতে বিস্ময়কর পরিবর্তন এনেছে।”

‘দুষ্ট রাজনীতির’ ফায়দা তুলে একটি গোষ্ঠী সবার অলক্ষ্যে তাদের ভিত তৈরি করছে বলে মন্তব্য করে তিনি বলেন, “শুধু অস্ত্র দিয়ে এই সংকট মোকাবেলা করা যাবে না। সামাজিক-সাংস্কৃতিক শক্তি দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার।”

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “ভাষার চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে সঠিকভাবে ছড়াতে পারলে জঙ্গিবাদ তৈরি হতো না।”

সংকট থেকে মুক্তি পেতে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস ও পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য পাঠ্য তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।

রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বত্র সংস্কৃতিচর্চা বৃদ্ধি করে মানুষের মধ্যে মানবতাবোধ জাগিয়ে জঙ্গিবাদ রুখতে হবে। এজন্য প্রয়োজন শিক্ষার সর্বস্তরে সংস্কৃতিকে শিক্ষার সমান গুরুত্ব দেওয়া।”

কবি আসাদ চৌধুরী বলেন, “দুধ কলা দিয়ে যে সাপটি পোষা হয়েছে। সেই সাপটি এখন ছোবল দিচ্ছে। যারা উন্নত সুবিধা-সুবিধা পাচ্ছে, তাদের কেউ কেউ জঙ্গি-সন্ত্রাসের সঙ্গে যুক্ত। তাদের চিহ্নিত করতে হবে।”

এরপর তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনান।

জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সভাপতি কবি হাবীবুল্লা সিরাজীর অভিযোগ, “ধর্মকে নিয়ে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে অরাজকতায় লিপ্ত হয়েছে তৃতীয় পক্ষ। এরা শুধু কোনো জাতির নয়, বরং মানবতার শত্রু।”

আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নুরুল হুদা বলেন, “আঘাত প্রতিহত করতে হবে এবার। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার সবার শারীরিক প্রশিক্ষণের দরকার। মৃত্যুর আগে সহজে হার মানব না।”

তিনি শোনান তার ‘চলন্ত কফিন’ কবিতাটি।

কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ বলেন, “জাতীয় কবিতা পরিষদ তার জন্মলগ্ন থেকে মানবতার জয়গান গেয়ে আসছে। কখনও কবিতা আাবার কখনও গানের মধ্য দিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এবারও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর সোচ্চার কবিতা পরিষদ।”

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত সভার আলোচনা পর্ব সঞ্চালনা করেন।

আলোচনা শেষে ‘মানবজন্ম’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠ করেন কবি অসীম সাহা।

স্বরচিত কবিতা পাঠ করেন রবীন্দ্র গোপ, ফারুক মাহমুদ, কাজল বন্দ্যোপাধ্যায়, হারিসুল হক, আমিনুর রহমান সুলতান ও তপন বাগচী। এছাড়া রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্পু, রেজিনা ওয়ালী লীনাসহ অন্যরা আবৃত্তি পরিবেশন করেন।

এরপর জঙ্গিবাদবিরোধী সুর ও বাণী নিয়ে নিয়ে মঞ্চে আসে গানের দল সহজিয়া। গেয়ে শোনায় কবি অসীম সাহার লেখা ২০তম জাতীয় কবিতা উৎসবের উৎসব সংগীত। বাজনার সহযোগে উচ্চারিত হয় ‘জঙ্গিবাদের এই উত্থান রুখবেই কবিতার কোটি প্রাণ’।

১০ বছর আগে জাতীয় কবিতা পরিষদ তাদের ২০তম কবিতা উৎসবে স্লোগান দিয়েছিল ‘জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’। ১০ বছর পর আবারও একই স্লোগান। এবার উৎসব নয়, জঙ্গিবাদবিরোধী আলোচনা অনুষ্ঠানে।