প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিদায়ী হাই কমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্র বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রশংসা করেছে বাংলাদেশে পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার সুজা আলম।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ প্রশংসা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রেস সচিব বলেন, “হাই কমিশনার বলেন, নারীর ক্ষমতায়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান শিক্ষা নিতে পারে।”
সুজা আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন।
বাংলাদেশের ক্রিকেট দলের সাফল্যেরও হাইকমিশনার প্রশংসা করেন বলে জানান ইহসানুল করিম।
সৌজন্য সাক্ষাতে দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ দেশ গড়ে তোলা।
এসময় প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন বলে জানান প্রেস সচিব।
শেখ হাসিনা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার শুভেচ্ছা জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
