২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য নয়, সেবাকে গুরুত্ব দিন: রাষ্ট্রপতি

বাণিজ্যের চেয়ে মানুষের সেবাকে বেশি গুরুত্ব দিতে দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 01:56 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

কিশোরগঞ্জের ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল কলেজ’কে ব্যবসায়ী প্রতিষ্ঠান এন জেড গ্রুপের পক্ষ থেকে সোমবার বঙ্গভবনে অ্যাম্বুলেন্স দেওয়ার অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

মঙ্গলবার বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ ড. এ এন এম নওশাদের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এন জেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এন জেড গ্রুপকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে হাওর এলাকাসহ কিশোরগঞ্জের দরিদ্র মানুষ উপকৃত হবে।

বেসরকারি মেডিকেল কলেজগুলোকে বাণিজ্যিক চিন্তা-ভাবনা না করে আর্তমানবতার সেবাকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, জনগণের দোড়গোরায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।