২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে পিটিয়ে হত্যা: সাক্ষ্য দিলেন বেঁচে যাওয়া আল-আমিন

আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় বেঁচে যাওয়া ছাত্র আল-আমিন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 12:34 AM

Updated : 20 Aug 2022, 01:14 PM

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে সোমবার রাষ্ট্রপক্ষের ৪৩তম এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

জবানবন্দি নেওয়া শেষে বিচারক আগামী ৩০ অগাস্ট মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন রাখেন বলে জানিয়েছেন এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাকিলা জিয়াসমিন মিতু।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, “ভিকটিম পুলিশের কাছে ১৬১ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তা-ই আজকে আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন।”

এ নিয়ে এ মামলায় ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান এপিপি মিতু।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন- ধানমন্ডির ম্যাপললিফ স্কুলের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম শাম্মাম, মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান, মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব এবং বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান।

নিহতদের সঙ্গে থাকা আল-আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

ওই ঘটনার পর ডাকাতির অভিযোগে আল-আমিনসহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক।

ওই সময় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করে। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ৭ জানুয়ারি র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য আদালতে এলে ২০১৩ সালের ৮ জুলাই ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ ছাড়া ওই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভিকটিম আল-আমিনকে একই ঘটনায় করা ডাকাতি মামলা থেকে সেদিন অব্যাহতি দেওয়া হয়।

হত্যা মামলার আসামিদের মধ্যে ছয়জন পলাতক, একজন কারাগারে, ৫২ জন জামিনে ও এক আসামি মারা যান। এ মামলায় ১৪ আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে আল-আমিন বলেন, “ঘটনাস্থলে শবে বরাতের রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে বেড়াতে যাই। বৃষ্টি নামলে আমরা সবাই একটি ছাউনির নিচে আশ্রয় নিই। ছাউনির নিচে যাওয়ার পর ওখানকার এলাকার লোকজন আমাদের অতর্কিতভাবে মারধর করে।

“রাতের অন্ধকারে কাউকে দেখি নাই। বাঁচার আকুতি করলেও তাঁরা আমাদের মারধর করা বন্ধ করে নাই। আমরা ডাকাত নই, আমরা ছাত্র, এটা বলার পরও আসামিরা আমাদের ছাড়েনি। অতর্কিতভাবে আমাদের মারধর করেছে।”

নিহতদের পরিবারের সদস্যরা আদালতে সাক্ষ্য দিতে না আসায় আলোচিত এ মামলার সাক্ষ্য শেষ করা যাচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এপিপি শাকিলা জিয়াসমিন মিতু।

“আদালত থেকে বার বার সমন পাঠানো হলেও নিহতদের পরিবারের সদস্যরা আদালতে সাক্ষ্য দিতে আসছেন না। তারা এলেই  নিয়ম ও সাক্ষীদের ক্রম অনুযায়ী আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম ও মামলার তদন্ত কর্মকর্তাদের  আদালতে ডাকতে পারি।”

আসামিপক্ষ থেকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি পাওয়ায় আদালতে যাচ্ছেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দাবি করেন ওই ঘটনায় নিহত ছাত্র কান্তর বাবা আব্দুল কাদের সুরুজ।

তিনি বলেন, “আমাকে বার বার আসামিপক্ষ থেকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দেয়া হয়েছে । আমি এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছি। পাবলিক প্রসিকিউটরদের জানিয়েছি।

“আমাদের মামলায় আমাদের পক্ষে প্রধান পিপি (ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাস ) হাজির থাকেন না। অথচ আসামিদের পক্ষে বিভিন্ন অভিজ্ঞ জ্যেষ্ঠ আইনীজবীরা থাকেন। যে কারণে মামলার ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।”

যদিও সোমবার অতিরিক্ত পিপি আনন্দ চন্দ্র বিশ্বাসকে আদালতে হাজির দেখা যায়।

পুরনো খবর:

ছয় ছাত্র হত্যা: ৬০ জনের বিচার শুরু