বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ হবে না: নুরুল ইসলাম
নির্যাতনের অভিযোগ থাকলেও সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা হবে না বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সোমবার সংসদে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নারী শ্রমিক বিদেশে পাঠানো বন্ধের সরকারি কোনো সিদ্ধান্ত নেই।”
ফিরোজ রশীদ প্রশ্ন করার সময় সৌদি আরবে নারী শ্রমিকদের ওপর নিগৃহ ও যৌন নির্যাতন হচ্ছে-এমন অভিযোগ করে সেখানে নারী শ্রমিক পাঠানো বন্ধ করা হবে কী না জানতে চান।
জবাবে নারী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ নাকচ করে মন্ত্রী বলেন, “অনেক সময় দেশে ফিরে আসার জন্য নারী শ্রমিকেরা নানা মিথ্যা কথা বলেন। তারা সেখানে গিয়ে ভাত খেতে চান। কিন্তু সৌদি আরবের মানুষ ভাত খায় না, রুটি খায়। তখন বাংলাদেশি শ্রমিকেরা ভাত দেওয়া হয় না এমন অভিযোগ তোলেন।”
মন্ত্রী আরও বলেন, “অনেক নারী শ্রমিকের মধ্যে হোম সিকনেস কাজ করে। তখন তারা ফিরে আসার জন্য নানা কাহিনী সৃষ্টি করে।”
গত বছরের ১০ ফেব্রুয়ারি ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার টাকা) বেতনে বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি সই হয়।
এর পর সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অধিকাংশ বাংলাদেশি নারী শ্রমিক সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী নন। এর কারণ হিসেবে সৌদি গেজেট উল্লেখ করে, বাংলাদেশি নারী গৃহকর্মীরা সৌদি আরবের আচার, সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না।
গণমাধ্যেমে প্রকাশিত খবর থেকে জানা যায়, প্রতি মাসে ১০ হাজার নারী কর্মী সৌদি আরবে পাঠানোর কথা থাকলেও তা পাঠানো যাচ্ছে না।
এর আগে বিদেশে যেতে ইচ্ছুক নারী কর্মীদের নাম নিবন্ধনের জন্য গত ৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরবর্তীতে নিবন্ধন কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। নির্ধারিত সময়ে নাম নিবন্ধন করেন মাত্র দুই হাজার ৫৭০ জন নারী।
নির্যাতনের ভয়ে বাংলাদেশি নারীরা সৌদি আরব যেতে চাচ্ছেন না বলে খবরে প্রকাশ।
উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম জানান, বিশ্বের মোট ৬৮টি দেশে বাংলাদেশ থেকে নারী কর্মী পাঠানো হয়েছে। গত এক যুগে বছরে এসব দেশে পাঁচ লাখ ছয় হাজার ৫০৬ জন নারী কর্মী গিয়েছে।
বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সব থেকে বেশি নারী কর্মী গিয়েছে আরব আমিরাতে। গত জুন ২০০৪ থেকে জুন ২০১৬ পর্যন্ত দেশটিতে মোট এক লাখ ১৬ হাজার ৫৫০ জন নারী কর্মী গিয়েছেন।
এছাড়া লেবাননে এক লাখ এক হাজার ৩১২ জন, জর্ডানে ৯৭ হাজার ৩৩১ জন, সৌদি আরবে ৯১ হাজার ৬২৮ জন, ওমানে ৫০ হাজার ২২৩ জন নারী শ্রমিক গিয়েছেন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত জোট সরকারের দুর্বল নীতির কারণে বাংলাদেশের শ্রম বাজার সংকুচিত হয়ে পড়েছিল। বর্তমান সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ থেকে প্রতি বছর কর্মী প্রেরণের সংখ্যা ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে। জোট সরকারের সময়ে বিশ্বের ৯৬টি দেশে কর্মী প্রেরণ করা হতো। এখন নতুন আরও ৬৪টি দেশে কর্মী প্রেরণ করায় এই সংখ্যা ১৬০ এ উন্নীত হয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে জুন ২০১৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ হতে ১৯ হাজার ৫৪৬ জন প্রবাসী বাংলাদেশির লাশ ফেরত আনা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬১১ জন কর্মীর লাশ পরিবহন ও দাফন বাবদ ৫৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া বিদেশের নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ হাজার ৪৫৩ জন মৃত কর্মীর অনুকূলে ক্ষতিপূরণের অর্থ হিসেবে ২৪০ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা আদায় করে তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম জানান, বর্তমানে ইউরোপের ৪২টি দেশে বাংলাদেশি শ্রমিকরা কাজ করছে। এসব দেশে বর্তমানে ৭১ হাজার ৪৯৬ জন শ্রমিক কর্মরত রয়েছে।
এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশগামী কর্মীদের এক ধরনের অজ্ঞতা ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালদের দৌরাত্বের কারণে কোনো কোনো ক্ষেত্রে বিদেশগার্মী কর্মীরা প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯১টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।”
প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিকদের কাছ থেকে ১৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৯০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
