রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ
ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
জামিন প্রশ্নে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরীর করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২৬ মে এই রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।
দণ্ডবিধির ১২০/বি (রাজনৈতিক ষড়যন্ত্র), ১২১/এ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র) এবং ১২৪/এ (রাষ্ট্রদ্রোহ) ধরায় ওই মামলাটি করা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী প্রথম ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, বাকি দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড।
সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ওই মামলায় আসলাম চৌধুরীর জামিন চেয়ে আবেদনটি আদালত উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে।”
রাষ্ট্রপক্ষ জানায়, গুলশান থানার ওই মামলায় আসলাম চৌধুরী নিম্ন আদালতে জামিনের আবেদন করলে ২৩ জুন তা নাকচ হয়। ওই আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরী হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন, যা সোমবার শুনানির জন্য আদালতে ওঠে।
চট্টগ্রামের নেতা আসলাম চৌধুরীকে কয়েক মাস আগে বিএনপির নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করেন খালেদা জিয়া। আর লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ইসরায়েলের বর্তমান সরকারের উপমন্ত্রী এম কে আয়ুব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস প্রতিষ্ঠানটি চালান।
সম্প্রতি ভারতের এক সম্মেলনে তাদের দুজনের সাক্ষাতের ছবি ও খবর গণমাধ্যমে এলে আলোচনার সূত্রপাত হয়। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ‘ষড়যন্ত্র’ করছে।
তবে ইসরায়েল কিংবা মোসাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আসলামের ওই সফর ছিল ‘ব্যক্তিগত’।
এ নিয়ে আলোচনার মধ্যেই গত ১৫ মে ঢাকা থেকে আসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।
