২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করলেন পাঁচ নারী

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য পাঁচ নারী পর্বতারোহণের ওপর প্রশিক্ষণ শেষ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 11:38 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানায় ক্লাবটি।

প্রশিক্ষণ শেষ করা নারীরা হলেন- ইফফাত ফারহানা, ফৌজিয়া আহমেদ, শায়লা পারভীন, রেশমা নাহার ও বিবি খাদিজা।

তাদেরকে বাংলাদেশের বিভিন্ন পাহাড় ট্রেকিং এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণের পর বাংলা মাউন্টেইনিয়ারিং ক্লাবের উদ্যোগে ভারতের উত্তর কাশীতে নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিংয়ে মৌলিক প্রশিক্ষণে পাঠানো হয়।

সেখানে বাংলাদেশি এই পাঁচ নারী ২৮ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষ করেন বলে সংবাদ সম্মেলনে জানান দেশের সর্বপ্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদার।

তিনি বলেন, “এই ট্রেনিং সবার জন্য কোন কাজে নাও আসতে পারে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি অন্য দশজন মেয়ের থেকে তারা আলাদা হবে। তাদের অনন্য উচ্চতায় তুলে ধরবে।

“পত্রিকার পাতা খুললেই দেখি দেশের সর্বত্রই অস্থিরতা।  আগামীকাল দেশের শিশুরা যখন সংবাদে দেখবে এই পাঁচ নারীর গল্প। তখন সেই মেয়েরা একটু হলেও স্বপ্ন দেখবে। এটাই হবে আজকের আয়োজনের স্বার্থকতা।”

পাঁচ পর্বতারোহী সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, “তোমাদের এই নব যাত্রা আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। আজ মনে হচ্ছে বাংলাদেশ বহুদুর এগিয়ে গেছে।

“আমরা নৃশংসতায় বিশ্বাস করি না, হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। কারও উপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করি না। আমরা সাহসের সাথে সব কিছু জয় করতে চাই।”

সংবাদ সম্মেলনে ট্রেনিং এর বিশেষ কিছু স্লাইড দেখানো হয়।

ট্রেনিংয়ের সার্বিক সহযোগিতা প্রদান করেছে ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিজ্ঞাপন প্রতিষ্ঠান এডকমের চেয়ারপার্সন গীতিয়ারা সাফিয়া চৌধুরী, সুমেরু অভিযাত্রী ইনাম আল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।