২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃদেশীয় পানি সম্পদ ব্যবস্থাপনা গড়তে হবে: শাহরিয়ার

দক্ষিণ এশিয়া অঞ্চলের সমৃদ্ধির জন্য ‘দক্ষ’ আন্তঃদেশীয় পানি সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 11:56 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

এই প্রেক্ষাপটে শুক্রবার ভারতের মেঘালয়ে ‘নদী-২০১৬’ শিরোনামে এক সেমিনারে আন্তঃদেশীয় নদীসমূহের ‘অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা’ ওপর জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) ফোরামসহ নদীতীরের দেশসমূহের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার ধারণাকে বিভিন্ন স্তরে অগ্রাধিকার দিচ্ছে।

“দক্ষিণ এশীয় অঞ্চলের সমৃদ্ধি পানি সম্পদের দক্ষ আন্তঃদেশীয় ব্যবস্থাপনার ওপর অনেকাংশে নির্ভর করছে। এজন্য পরস্পর সংযুক্ত নদীতীরের দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।”

মেঘালয়ের শিলংয়ে স্থানীয় গবেষণা সংস্থা ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের রাজনীতিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, ট্যুর অপারেটর, ব্যুরোক্র্যাট ও নদী বিশেষজ্ঞদের ১৪৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মেনন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দুই দিনের এই নদী উৎসবের উদ্বোধনী দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশ ও ভারতের মধ্যে, বিশেষ করে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের মধ্যে নৌ যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

“আমরা সড়ক ও রেল পথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করছি। তবে নদীপথেও আমাদের সংযোগ দরকার। সেজন্য আমাদের নদ-নদীগুলো সংরক্ষণ ও রক্ষা করতে হবে। অনেক বেশি বাঁধ দিয়ে আমরা যেন সেগুলোকে মেরে না ফেলি,”

ভারত ও মিয়ারমারের সঙ্গে বাংলাদেশের ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি অভিন্ন নদীই উজানের দেশ ভারতের সঙ্গে।

এ ধরনের আন্তঃদেশীয় নদী থাকার বিষয়টি সহযোগিতা ও সংঘাত- দুই ধরনের সম্ভাবনাই উসকে দিতে পারে বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।