২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ নারীকে পাচারচেষ্টা মামলার ৫১ আসামিই খালাস

দশ বছর আগে জাল ছাড়পত্রের মাধ্যমে ৩১ নারীকে লেবানন পাচারের চেষ্টার একটি মামলার ৫১ আসামিকেই খালাস দিয়েছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

ত্রুটিযুক্ত তদন্ত, মামলার আলামত উপস্থাপনে ব্যর্থতা এবং ট্রাইব্যুনালে ভিকটিমদের সাক্ষ্য না দেওয়ায় ২০০৬ সালে দায়ের এই মামলার আসামিরা খালাস পেয়েছেন বলে দাবি করছেন ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন।

তিনি বলেন, “যে ৩১ জন নারীকে পাচারের চেষ্টা করা হয় তাদের মধ্যে মাত্র একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ভুয়া ছাড়পত্র জব্দ করা হয়নি। বার বার ডেকেও পাচার চেষ্টার শিকার বাকি নারীদের সাক্ষ্য দিতে আদালতে আনা যায়নি। ”

মামলার নথি থেকে জানা যায়, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৩১ নারীকে ২০০৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের হাজির করে দালাল তুহিন, রমজান এবং আজিজুল হক। সব নারীর ভিসা জাল হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওইদিন তাদের যাত্রা বাতিল করে।

পরদিন ১৮ নভেম্বর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কাজী ফজলে মাওলা দণ্ডবিধি, পাসপোর্ট আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. জালাল উদ্দিন ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটিতে ২০১৩ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলার বিচারকালে বিচারক ৮১ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শাহ আলম মিয়া ও মুনজুর আলম ।

যারা খালাস পেয়েছেন- মো. মোশারফ হোসেন, হাফিজুর রহমান, মো. শাহজালাল, রিয়াজ উদ্দিন, মেরাজ আলী, হুমায়ুন কবির ওরফে হুমায়ুন, ফতে ওরফে ফতেমা, শহিদুল ইসলাম, জমিলা, আয়েশা, রোকেয়া, রিয়াজ উদ্দিন, দেলোয়ার হোসেন বাবুল, হুমায়ুন কবির, এমএ মাসুদ, মিজানুর রহমান, বেলায়েত হোসেন বাবুল, তাজুল ইসলাম তাজু, অনুফা ওরফে হনুফা, মনোয়ারা সেলি, হাশেম, নাসির উদ্দিন, মো. ফিরোজ, আলমগীর হোসেন, মনির হোসেন, বাহা উদ্দিন, রহমত উল্লাহ, মোজাফর হোসেন, মোরশেদ, তোতা চোকদার, আলাউদ্দিন, ফেরদৌস আহমেদ বাদল, আব্দুস সত্তার, তুহিন, তালেব, লুৎফর, সাথী, নুরুল ইসলাম, করিম, জয়নাল আবেদীন, আব্দুল মান্নান, আব্দুল জলিল, ফরহাদ, দুদু মিয়া, তাজু, রেজা, আমিন হোসেন, জাহাঙ্গীর, জিয়া, জনু, শিরজান।