বিচারক ছুটিতে, রায় হয়নি ২৪ কেজি স্বর্ণ পাচার মামলার
ষোল বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের প্রায় ২৪ কেজি স্বর্ণ পাচারের অভিযোগের একটি মামলার রায় বিচারক ছুটিতে থাকায় ঘোষণা করা হয়নি।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে বৃহস্পতিবার এ রায় ঘোষণার কথা ছিল।
মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ২৫ জুলাই দিন রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট পেশকার শাহাদাৎ হোসেন।
২০০২ সালে দায়ের এই মামলার এক তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ছাড়াই মামলাটিতে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন রাখা হয়েছিল। গত ১২ জুন মামলাটিতে যুক্তিতর্কের শুনানি শেষে এই রায় ঘোষণার দিন ধার্য ঠিক করেছিলেন বিচারক।
তবে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের তৎকালীন এএসপি (অব.) মুন্সি আতিকুর রহমান সাক্ষ্য নেওয়া হয়নি। মুন্সি আতিক সর্বশেষ মামলাটি তদন্ত করে ২০০৩ সালের ৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সে হিসেবে মুন্সি আতিককেই মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা অভিহিত করে মামলা সংশ্লিষ্টরা বলছেন, তার সাক্ষ্য ছাড়াই মামলাটিতে রায় ঘোষণা হলে বড় ধরনের ত্রুটি থেকে যাবে। এ কারণে আসামিরা খালাসও পেতে পারেন বলে আশঙ্কা তাদের।
নথিপত্র থেকে জানা যায়, এ মামলার দুই তদন্ত কর্মকর্তার মধ্যে অপরজন হলেন পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১০ অক্টোবর রাজধানীর নাখালপাড়ার লুকাস মোড়ে চেকপোস্টে সমীর মজুমদার এবং ইসহাক ওরফে ইসমাইল নামে দুজনের দেহ তল্লাশির সময় তাদের কোমরে বাঁধা অবস্থায় ১২০টি করে ২৪০টি সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আর্মড পুলিশের এসআই মান্নান মিয়া রাজধানীর তেজগাঁও থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্তকালে আসামি সমীর স্বর্ণবার অবৈধভাবে পাচারের কথা স্বীকার করে ২০০২ সালের ২০ অক্টোবর আদালতে জবানবন্দি দেন। তার জবানবন্দিতে আরও ছয়জনেরে নাম উঠে আসে।
পরে মামলা তদন্ত শেষে ২০০৩ সালের ৩ জুন সিআইডি পুলিশের তৎকালীন এএসপি মুন্সি আতিকুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে দুইজনকে আসামি করে ছয়জনকে অব্যাহতির আবেদন করা হয়।
তবে আদালত মো. মোখলেছুর রহমান নামে একজনকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।
আমলে নেওয়া আসামিরা হলেন- শ্রী সমীর মজুমদার, ইসহাক ওরফে ইসমাইল, জহিরুল হক, মো. সেলিম, আব্দুল ওহাব তালুকদার, হুমায়ুন কবির ও আব্দুল মালেক।
আসামিদের মধ্যে সমীর ও জহিরুল পলাতক, ইসহাক কারাগারে এবং অপর আসামিরা জামিনে রয়েছেন।
মামলাটিতে মোট ১৩ জন সাক্ষী রয়েছে। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২০০৭ সালের ৫ জুন পর্যন্ত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
তবে এদের মধ্যে মামলার ‘প্রধান তদন্ত কর্মকর্তা’ মুন্সি আতিকুর রহমানকে সাক্ষ্য দিতে আদালতে হাজির করা হয়নি। আদালত থেকে বারবার তার বিরুদ্ধে সমন ও ওয়ারেন্ট দেওয়া হলেও তিনি সাক্ষ্য দিতে আসেননি।
মামলার এই তদন্ত কর্মকর্তা মুন্সি আতিক ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে থেকে প্রত্যেক ধার্য তারিখে হাজিরা দিচ্ছেন। অথচ গুরুত্বপূর্ণ এ মামলায় পুলিশ এ সাক্ষীকে হাজির করেনি।
এছাড়া এ সাক্ষীকে হাজির না করার বিষয়ে কোনো প্রকার পুলিশ প্রতিবেদন ছাড়াই সাক্ষ্যগ্রহণ মুলতবি করে রায়ের জন্য রাখায় প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ওই আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক এক পাবলিক প্রসিকিউটর বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ছাড়া মামলাটি রায়ের জন্য নেওয়ার বিরোধিতা আমরা করেছি। কিন্তু আদালত শোনেননি।”
তবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য না নিয়ে রায় ঘোষণায় আইনগত কোনো বাধা নেই জানিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী বলেন, তবে তদন্ত কর্মকতা সাক্ষ্য না দিলে রাষ্ট্রপক্ষই ক্ষতিগ্রস্ত হয় বেশি।
এ ধরনের ক্ষেত্রে সাক্ষ্য আইন অনুযায়ী আসামিরা সুবিধা চাইতে পারেন বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুন্সিআতিককে আমরা আদালতে আনতে পারিনি।”
এ বিষয়ে মুন্সি আতিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাঝে কিছু দিন অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় সাক্ষ্য দিতে পারেননি বলে দাবি করেন।
“মাঝে কিছু দিন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তাই এই ধরনের কোনো মামলায় সমন এসেছে কি না তা আমার জানা নাই। এখন আমি সুস্থ, তাই সমন পেলে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারব।”
