২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি সহযোগিতার ক্ষেত্রে ‘জাতীয় স্বার্থ’ সবার আগে: পররাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বিদেশি সহযোগিতা নেওয়ার আগে ‘প্রয়োজনের’ দিক দেখার পাশাপাশি ‘জাতীয় স্বার্থ’ বিবেচনায় নেওয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 09:23 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক নিহতের পর যুক্তরাষ্ট্র ও ভারতসহ কয়েকটি দেশের সহযোগিতার প্রস্তাবের প্রেক্ষাপটে একথা বললেন তিনি।

ওই হামলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অনেকে দাবি করলেও তা নাকচ করেন মাহমুদ আলী।

তিনি বলেন, হামলার পর ‘বন্ধু’ দেশগুলো থেকে তারা ব্যাপকভাবে সহায়তার প্রস্তাব পেয়েছেন এবং সব দেশই বাংলাদেশের সঙ্গে ‘সংহতি’ প্রকাশ করেছে।  

“এটা (সন্ত্রাসবাদ) এখন একটা বৈশ্বিক সমস্যা। বিশেষ কোনো একটি দেশের ভাবমূর্তি সংকটের সুযোগ নেই, ” এক প্রশ্নের জবাবে বলেন তিনি।

মাহমুদ আলী বলেন, “হামলার পর কেউ বলেনি, আমরা বাংলাদেশে যাব না। সবাই বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন।

“এমনকি আহত জাপানি, যিনি জাইকার একজন পরামর্শক, বলেছেন, তিনি আবার বাংলাদেশে আসবেন।

“নিহত সাত জাপানির পরিবারও বলেছে, তারা বাংলাদেশ দেখতে আসবে।”

উলানবাটারে এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) ১১তম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গোলিয়া সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে যোগ ‍দিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গেও তার বৈঠক হবে।

এই সম্মেলনে আসেম নেতারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

গুলশান হামলার পর প্রধানমন্ত্রী এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। ওই হামলায় যে ১৭ বিদেশি নাগরিক নিহত হন তাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয়। নিহত তিন বাংলাদেশির মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।

জাপান ও ইতালি উভয়ই ২০ বছরের পুরনো আসেমের সদস্য, যে ফোরামে এশিয়া ও ইউরোপের অংশীদারিত্ব বৃদ্ধিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

গুলশান হামলার পর ৪ জুলাই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি টেলিফোনে কথা বলেন। সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পদক্ষেপ নিয়ে আলোচনা এই সম্মেলনে ‘গুরুত্বপূর্ণ’ বিষয় হিসেবে উত্থাপনের কথা জানান তারা।

১৫-১৬ জুলাইয়ের আসেম সম্মেলন ‘সন্ত্রাসবাদ কখনও বরদাশত করা হবে না সে বিষয়ে স্পষ্ট বার্তা দেবে’ বলেও মন্তব্য করেন তারা।

সম্মেলনের ফাঁকে সন্ত্রাস দমন নিয়ে একটি বৈঠকের কো-চেয়ার হতে শিনজো আবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বলে মাহমুদ আলী জানান।  

তিনি বলেন, সম্মেলনের ফাঁকে জাপানের পাশাপাশি রাশিয়া, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ  করবেন  শেখ হাসিনা।

এছাড়া জার্মান চ্যান্সেলর, মিয়ানমারের প্রেসিডেন্ট, ভারতের উপ-রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক রয়েছে তার।  

গুলশান হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে ফোন করেন। পরে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ঢাকা পাঠান তিনি।

সদ্য সমাপ্ত সফরে বিসওয়াল সন্ত্রাস দমনে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে তার দেশের বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব করেন।

হামলার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিবারগুলোকে চাইলে ঢাকা ত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য আরও ৩৩টি দেশের ক্ষেত্রেও এ ধরনের নোটিশ জারি করেছিল ওয়াশিংটন।

মাহমুদ আলী বলেন, সংকট মোকাবেলায় কোন ধরনের সহযোগিতা নেওয়া হবে সে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে।

“তবে আমি এটুকু বলতে পারি, এই অপশক্তিকে পরাজিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরম অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।