২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজটিকেট সিন্ডিকেট ঠেকাতে দুই সচিবকে দায়িত্ব

হজের সময় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে বিমানের টিকেটে অতিরিক্ত অর্থ আদায়রোধে বিমান ও ধর্ম সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

সচিবালয়ে বুধবার হজযাত্রী পরিবহন কার্যক্রম নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এই তথ্য জানান।

হজ মৌসুমে বিমানের টিকেট সিন্ডিকেট হওয়ায় হজযাত্রীদের অতিরিক্ত টাকা খরচ হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে একজন সাংবাদিকদের প্রশ্নে মেনন বলেন, “এ বিষয়টি আমাদের বিমান ও ধর্ম সচিব দেখছেন। সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সবাইকে এটা (টিকেট সিন্ডিকেট) বলে দেওয়া হয়েছে।”

আরেক সাংবাদিক বিমানের টিকেট সিন্ডিকেটের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি তাদের (দুই সচিব) হয়ে তো আপনাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। আমাদের মিটিংয়ের নির্দেশ ও সামগ্রিক নির্দেশনা রয়েছে- হজ টিকেট নিয়ে যেন কোনো সিন্ডিকেটেড বিজনেস না হয়।”

হজের সময় বিমানের টিকেট সিন্ডেকেটরোধে মনিটরিং সেল থাকবে কি না- এমন প্রশ্নে বিমানমন্ত্রী বলেন, “বিমান সচিব মহোদয় ও ধর্ম সচিব এটা মনিটর করবেন।”

এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে (টিকেট বিক্রির) এজেন্ট বাড়াতে বলা হয়েছে বলেও জানান মেনন।

হজ ক্যাম্প উদ্বোধন ৩ অগাস্ট

অন্যবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অগাস্ট উত্তরার আশকোনায় হজ ক্যাম্প উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিমানমন্ত্রী মেনন।

তিনি জানান, হজ ক্যাম্প উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৪ অগাস্ট ও সৌদিয়া এয়ারলাইন্স ৫ অগাস্ট হজযাত্রীদের নিয়ে তাদের প্রথম ফ্লাইট নিয়ে ঢাকা ছাড়বে।

এবার ‘শর্ট প্যাকেজ’ বলে কিছু থাকছে না জানিয়ে মেনন বলেন, সবাইকে কমপক্ষে ৩০ দিনের প্রস্তুতি নিয়েই যেতে হবে।

“অবস্থার পরিপ্রেক্ষিতে এবার হজ ক্যাম্পে সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হজ এজেন্সির যারা রয়েছেন তাদের পাসসহ সেখানে যেতে হবে। এর বাইরে হজযাত্রীদের আত্মীয়-স্বজন নিয়ে ওখানে ভিড় করার জায়গা থাকবে না।”

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করেছে, তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় কোরবানিসহ প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে।

আর বেসরকারি ব্যবস্থাপনায় মূল খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে এজেন্টরা প্যাকেজ ঠিক করবে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।

ধর্মমন্ত্রী মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পাসেপোর্ট অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের (আটাব) প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।