জঙ্গিবিরোধী অভিভাবক সমাবেশের ডাক
গুলশান ও শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের প্রেক্ষাপটে জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকায় অভিভাবক সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বানে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সন্তানদের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দেন ক্ষমতাসীন এই জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
রাজনীতিবিদ, শিক্ষক,চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের অংশগ্রহণে এই সমাবেশে তিনি জানান, ২০ জুলাই ঢাকায় অভিভাবক সমাবেশ হবে।
“সমাবেশে আমরা তাদের বোঝাব, আপনারা সন্তানের খবর রাখেন। সে কী করছে, সেদিকে নজর দেন,” বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
ঢাকার পর রংপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জ, বগুড়া, কুমিল্লায়ও এই ধরনের সমাবেশ হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “আমরা পাড়া-মহল্লায় যাব, কমিটি করব; জঙ্গিবাদের উৎস কোথায়, তা খুঁজে বের করব।”
১৪ দলের এই সমাবেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, স্বাচিপের মহাসচিব এম এ আজিজ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মুর্শেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম মাকসুদ কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছও বক্তব্য রাখেন।
