কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন
কৃষি খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করে আইন তৈরির প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ১৯৭৬ সালে অধ্যাদেশ জারির পর ১৯৮৪ ও ১৯৯৬ সালে দুই দফা তা সংশোধন করা হয়।
উচ্চ আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক আমলের জারি করা অধ্যাদেশগুলোও বাতিল হয়ে যায়।
ওই আইনগুলোর কার্যকারিতা রক্ষা করতে পরে নতুন আইন করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার, যার অংশ হিসেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া মন্ত্রিসভায় আসে।
পাশাপাশি কৃষি গবেষণাকে ‘আরও আধুনিক ও যুযোপযোগী’ করার বিষয়টি মাথায় রেখে এই খসড়া করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কৃষি গবেষণা ১৯৭৬ সালে যেখানে ছিল, এখন আর সেখানে নেই। পৃথিবী অনেক এগিয়ে গেছে। নতুন পরিস্থিতির সাথে তাল মেলাতে সক্ষমতা বাড়ানোর জন্য এটা করা হয়েছে।”
প্রস্তাবিত আইনে সংযোজিত নতুন বিষয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রম গ্রহণ, ইনস্টিটিউটে নতুন জাতের বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা, কৃষিতে আইসিটির প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শস্য উৎপাদনের জন্য পঞ্জিকা তৈরি ও প্রকাশের কথাও রয়েছে।
খসড়া থেকে উদ্বৃত করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রয়োজনীয় দেশি ও বিদেশি প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা প্রদানে এই ইনস্টিটিউট ব্যবস্থা গ্রহণ করবে। যদি এই বোর্ডের সদস্য বা পরিচালক সরল বিশ্বাসে কোনো কাজ করেন, সেজন্য তাদের বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না।”
আগের অধ্যাদেশে ১৮টি ধারা থাকলেও নতুন আইনের খসড়ায় আরও চারটি ধারা যোগ হয়েছে বলে শফিউল আলম জানান।
