রাজউকের নতুন চেয়ারম্যান বজলুল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
তিনি জি এম জয়নাল আবেদীন ভূইয়ার স্থলাভিষিক্ত হলেন। গত তিন বছর ধরে রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসছিলেন জয়নাল।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বজলুল করিমকে রাজউক চেয়ারম্যান নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব এবং টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের ৮ এপ্রিল এক বছরের চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ পান জয়নাল আবেদীন। এরপর দুই দফার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ২০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হয়।
১৫ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম এম মাহবুবুল আলম স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব পরিমল কুমার দেব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
ওএসডি অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে স্পারসোর সদস্য এবং ওএসডি অতিরিক্ত সচিব শহীদ হাসানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য কমিশনের সচিব সদরউদ্দিন আহমেদকে অর্থ বিভাগে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে তথ্য মন্ত্রণালয়ে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব যথাক্রমে গোপা চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, মো. সিরাজুল হায়দারকে কৃষি মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে ধর্ম মন্ত্রণালয়ের সংযুক্ত করেছে সরকার।
এছাড়া স্পারসোর সদস্য (অতিরিক্ত সচিব) জেসমিন আক্তার, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) নুরজাহান বেগমকে ওএসডি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরিকল্পনা কমিশনে আরও দুই বছর শামসুল
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক শামসুল আলমের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। গত ১ জুলাই থেকে তার নতুন মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর ধরা হয়েছে।
২০০৯ সাল থেকে শামসুল আলম চুক্তিতে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
