নাইকো মামলায় খালেদার লিভ টু আপিল শুনানি ৩১ জুলাই
নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের আবেদনের শুনানি হবে ৩১ জুলাই।
রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই তারিখ ঠিক করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভুইয়া। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিভ টু আপিলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিতের আরজিও জানানো হয়েছে। আবেদনকারীপ্ক্ষ শুনানির দিন ধার্যের আবেদন জানালে আদালত ৩১ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।”
প্রায় সাড়ে আট বছর আগের এই মামলায় সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক রয়েছে।
এ বিষয়ে খুরশীদ বলেন, “এ অবস্থায় শুনানি হতে আইনগত কোনো বাধা নেই। কেননা কোনো স্থগিতাদেশ চেম্বার আদালত দেয়নি।”
অবশ্য তার সঙ্গে দ্বিমত পোষণ করে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ বলেছেন, “দেশের সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। এ অবস্থায় ১১ জুলাই নিম্ন আদালতে মামলাটি শুনানির অবকাশ নেই।”
পরের বছর ৫ মে বিএনপি চেয়ারপারসনসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
এর বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই এই মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট। সেই সঙ্গে এই মামলা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দেওয়া হয় রুল। ওই বছর ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।
গত বছরের শুরুতে রুল শুনানির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। খালেদার আবেদনে রুলের ওপর শুনানি করে গত বছরের ১৮ জুন রায় দেয় হাই কোর্ট।
খালেদার করা আবেদন খারিজ করে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয় ওই রায়ে। সেই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা। বিচারক তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করে দেন।
অন্যদিকে হাই কোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর গত বছর নভেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া, যা রোববার শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে ওঠে।
লিভ টু আপিলের বিষয়টি জানিয়ে গত বছরের ৭ ডিসেম্বর খালেদার অপর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেছিলেন, “আমরা নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেছি আপিলে।”
